চার ইটভাটাকে জরিমানা, কাঠ ও ড্রাম চিমনি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর। অবৈধ ড্রাম চিমনি ব্যবহার ও কাঠ পোড়ানোর অভিযোগে চার ভাটামালিককে দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া এক হাজার মণ জ্বালানি কাঠ, চারটি ড্রাম চিমনি, তিনটি করাতকল এবং দুই লাখ ৬০ হাজার ইট জব্দ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয় ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর উপজেলার চরকরঞ্জি, চাঁদপুরা ও হিজলতলা এলাকায় অভিযান চালানো হয় এ সময় মেসার্স আরএইচবি ব্রিকস, মেসার্স রছি ব্রিকস, মেসার্স রছি স্টার ব্রিকস ও মেসার্স দোলা ব্রিকস থেকে ওই জরিমানা আদায় ও মালামাল জব্দ করা হয়।গত ২৫ ডিসেম্বর প্রথম আলোয় ‘ইটভাটায় ড্রাম চিমনি ও কাঠ পোড়ানো বন্ধ হচ্ছে না’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।পরিবেশ অধিদপ্তর বরিশালের পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, ‘পরিবেশসম্মত ইটভাটা গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যত দিন পর্যন্ত পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তির ইটভাটা স্থাপন করা না হবে, তত দিন অভিযান অব্যাহত থাকবে।’