চার ইটভাটাকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইট পোড়ানোর অনুমোদন না থাকায় এবং জ্বালানি কাঠ পোড়ানোর দায়ে রাজশাহীর চারটি ইটভাটাকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
নির্বাহী হাকিম নীলুফা ইয়াসমীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা এই অভিযানে সহযোগিতা করেন। গত বৃহস্পতিবার বেলা সোয়া ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এর মধ্যে দুটি ভাটা রাজশাহীর পবা উপজেলার এবং তিনটি বাগমারা উপজেলার।
অনুমোদনপত্র (লাইসেন্স) না থাকা এবং ইটভাটার জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করার অপরাধে আদালত পবা উপজেলার মোহনা ব্রিকস ফিল্ডের মালিক দুলাল হোসেনের (৩৭) কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন। একই ধরনের অভিযোগে উপজেলার এম বি এম ব্রিকস ফিল্ডের মালিক বুলবুল আহম্মেদকে (৪০) ৫০ হাজার টাকা এবং বাগমারা উপজেলার আর এ বি ব্রিকস ফিল্ডের ব্যবস্থাপক মাহাবুব আলমকে (৪২) এক লাখ টাকা ও রোজ ব্রিকস ফিল্ডের মালিক আমিনুল ইসলামকে (৩৫) এক লাখ টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ইট প্রস্তুত আইনের ৪ ও ৬ ধারা লঙ্ঘনের দায়ে ১৪ এবং ১৬ ধারা মোতাবেক ইটভাটার লাইসেন্স না থাকা ও জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করার অপরাধে ওই জরিমানা করা হয়। পরে আদায় করা জরিমানা সরকারি কোষাগারে জমা করা হয়। এ ছাড়া অবৈধভাবে ড্রাম চিমনি লাগানোর অপরাধে জামাল ব্রিকস ফিল্ডের চিমনি ধ্বংস করা হয়েছে।