চার ইটভাটার ব্যবস্থাপকের কারাদণ্ড
বৈধ লাইসেন্স না থাকা, কাঠ দিয়ে ইট পোড়ানো ও সরকারি মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার খুলনার ডুমুরিয়া উপজেলার চারটি ইটভাটার ব্যবস্থাপকের প্রত্যেককে এক মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন। খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের পঞ্চু এলাকা থেকে হাসান ব্রিকসের ব্যবস্থাপক জিয়াউর রহমান শেখ, ইবাস ব্রিকসের জ্যোতিন্দ্রনাথ মণ্ডল, মাস্টার্স ব্রিকসের হায়দার আলী এবং সাহস এলাকায় জেবি ব্রিকসের ব্যবস্থাপক গুরুচাঁদ মণ্ডলকে দণ্ড দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি জানান, ভ্রাম্যমাণ আদালত ভেঙে দেওয়ার পর ফের ড্রাম চিমনি বসিয়ে, জব্দ করা কাঠ পুড়িয়ে ইট তৈরির দায়ে পটুয়াখালীর বাউফলের সেভেন স্টার ও মোল্লা ব্রিকস নামের দুটি ইটভাটার চিমনি দ্বিতীয়বারের মতো ভেঙে দেওয়া হয়েছে।এর মধ্যে সেভেন স্টার ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।