চার ইন্টার্ন চিকিৎসকের সনদ ছয় মাস স্থগিত
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর আত্মীয় প্রহৃত হওয়ার ঘটনায় চারজন ইন্টার্ন চিকিৎসকের পেশাগত সনদের কার্যকারিতা ছয় মাস স্থগিত করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক নির্দেশে এ কথা জানানো হয়েছে।
এই চারজন ইন্টার্ন চিকিৎসক হলেন নূরজাহান বিনতে ইসলাম, মো. আশিকুজ্জামান আসিফ, মো. কুতুবউদ্দিন ও এম এ আল মামুন।
মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়েছে, নূরজাহান বিনতে ইসলামকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে, মো. আশিকুজ্জামান আসিফকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, মো. কুতুবউদ্দিনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে এবং এম এ আল মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপের বাকি অংশ সম্পন্ন করতে হবে। নির্দেশে আরও বলা হয়েছে, ভবিষ্যতে একই ধরনের অপরাধের দায়ে অভিযুক্ত হলে তাঁদের পেশাগত সনদ বাতিল করা হবে।
১৮ ফেব্রুয়ারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া হৃদ্রোগে আক্রান্ত এক ব্যক্তির ছেলে ইন্টার্ন চিকিৎসকদের হাতে প্রহৃত হন। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ২৮ ফেব্রুয়ারি তদন্ত কমিটি মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়।
তদন্ত কমিটি পর্যবেক্ষণে বলেছে, রোগীর ছেলেকে শারীরিকভাবে নির্যাতন করা গর্হিত কাজ। এই চিকিৎসকেরা মেডিকেল নৈতিকতা ভঙ্গ করেছেন। প্রত্যাশিত আচরণ অনুশীলনের জন্য তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।