চার উপজেলা ও বরগুনায় কাল ১৮ দলের হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম দফায় উপজেলা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তার প্রতিবাদে তিন উপজেলায় ও বরগুনা জেলায় আগামীকাল মঙ্গলবার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। আগামীকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আধাবেলা এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ও বরগুনা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। ভোট চলাকালে আজ কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও কারচুপির অভিযোগ এনে তার প্রতিবাদে হরতাল ডেকেছে বিএনপি।

কসবা
কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আগামীকাল মঙ্গলবার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছ এ ঘোষণা দিয়েছেন। ভোট চলাকালে দুপুর ১২টার দিকে ভোট কারচুপি ও ৫৩টি কেন্দ্র দখলের অভিযোগ এনে বিএনপির সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইকলিল আজম ও জাতীয় পার্টি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী তারেক আহাম্মদ আদেল ভোট বর্জন করেন।

সিরাজগঞ্জ
কারচুপি, ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মঙ্গলবার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি। আজ বেলা সাড়ে তিনটার দিকে সাবেক সাংসদ কামরুদ্দীন এহিয়া খান মজলিশের বাসায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আগামীকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। বিএনপি-সমর্থিত প্রার্থী গাজী এম এ মাসুদ ও আওয়ামী লীগের বিদ্রোহী মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পারভীন আক্তার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে জানিয়েছেন, নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শাহজালাল মিয়ার পক্ষে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের সাংসদ নজরুল ইসলাম। তিনি কেন্দ্র দখল ও ভোট কারচুপিতে সরাসরি সহযোগিতা করেছেন। এসবের প্রতিবাদে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন তাঁরা। সেই সঙ্গে আগামীকাল মঙ্গলবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।

বরগুনা:
বরগুনা সদরসহ চারটি উপজেলা পরিষদের নির্বাচনে ব্যাপক কারচুপি ও ভোট ডাকাতির অভিযোগ এনে তার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার বরগুনা জেলায় পূর্ণ দিবস হরতাল ডেকেছে বিএনপি। বরগুনা জেলা বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম আজ বিকেলে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে রেজবুল বলেন, এরশাদের আমলেও এমন ন্যক্কারজনক ভোট ডাকাতি হয়নি। দিনের বেলা ভোটকেন্দ্রে ডাকাতি করেও যখন আওয়ামী লীগ প্রার্থীদের শোচনীয় পরাজয় ঠেকানোর নিশ্চয়তা পাচ্ছিলেন না, তখন তারা গতকাল রাত থেকে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ব্যালট ছিনতাই করে বাক্সভর্তি করেছে।

ফেনী:
কেন্দ্র দখল, ভোট ডাকাতির অভিযোগ এনে তার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সকাল- সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।