বিদ্যুতের অব্যাহত লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ও আটঘরিয়া উপজেলার বোরো চাষিরা চরম বিপাকে পড়েছেন। চাটমোহরের হান্ডিয়াল গ্রামের চাষি আতাউর রহমান জানান, এখন ধানের থোড় (শিষ) বের হচ্ছে। এই সময় জমি পানি দিয়ে ভিজিয়ে রাখতে না পারলে ফলন পাওয়া যাবে না। বিষয়টি কৃষি কর্মকর্তা ও স্থানীয় বিদ্যুৎ কার্যালয়কে বহুবার জানানো হয়েছে। কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না।পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) আবদুল মতিন বলেন, ‘বর্তমানে দিনে ১৯ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে সাত থেকে আট মেগাওয়াট। ফলে এই সময়ে কিছু লোডশেডিং হচ্ছে। তবে রাত ১১টার পর চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছি। কিছুটা লো-ভোল্টেজ থাকলেও তা সমাধান করা হচ্ছে। ফলে বোরো খেতে পানি সরবরাহ করতে সমস্যা হওয়ার কথা নয়। এ ক্ষেত্রে কৃষকদের প্রতি আমাদের পরামর্শ তাঁরা যেন রাতে পাম্প চালান।’ গতকাল বৃহস্পতিবার সরেজমিনে চাটমোহরে দেখা গেছে, মাঠের পর মাঠ সবুজ ধানগাছ। কিছু জমিতে গাছের গোড়ায় পানি আছে। কিন্তু অধিকাংশ জমিই পানিশূন্য। অতিরিক্ত পানি পাওয়ার জন্য কৃষকেরা মাটি খনন করে কিছুটা নিচে গভীর নলকূপ বসিয়েছেন। তাতেও পানির ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না। পানির অভাবে অনেক জমির ধানগাছের গোড়া শুকিয়ে হলুদ রং ধারণ করেছে। নতুন বের হওয়া ধানের শিষও নষ্ট হয়ে যাচ্ছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতায় জেলার এই চার উপজেলায় মোট বোরোর আবাদ হয়েছে ২৯ হাজার ৭৭০ হেক্টর জমিতে। এখন গাছ থেকে ধানের শিষ বেড় হওয়ার সময়। এই সময়ে ধানের খেতে পর্যাপ্ত পানি সরবরাহ প্রয়োজন হয়। চাটমোহরের কটেঙ্গা গ্রামের চাষি রফিকুল ইসলাম জানান, প্রতি বিঘা জমিতে সব মিলিয়ে প্রায় আট হাজার টাকা ব্যয় করেছেন। এরপর যে ধান উৎপাদন হবে তার চার ভাগের এক ভাগ গভীর নলকূপের মালিকদের দিতে হবে। এমন অবস্থায় বিদ্যুতের লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে। চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা রওশন আলম বলেন, ‘বোরো জমির সমস্যা দেখতে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছেন। তা ছাড়া বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের বিষয়ে আমরা পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে একাধিকবার কথা বলেছি। আশা করছি, কয়েক দিনের মধ্যে বিদ্যুতের সমস্যা সমাধান হবে।’