হবিগঞ্জের পাঁচটি উপজেলা পরিষদ নির্বাচনে চারটিতেই চেয়ারম্যান পদে একক প্রার্থী নির্ধারণের ব্যাপারে সমঝোতায় পৌঁছাতে পারেনি আওয়ামী লীগ। দলীয় সমর্থন না থাকার পরও প্রতিদ্বন্দ্বিতায় থাকায় দলটির তিন নেতা ও এক বর্তমান চেয়ারম্যানকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির অবস্থাও প্রায় একই রকম। তিনটি উপজেলায় একাধিক প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
হবিগঞ্জের সদর, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ ও লাখাইয়ে ভোট গ্রহণ হবে ২৩ মার্চ। বানিয়াচংয়ে হবে ৩১ মার্চ। এর মধ্যে সদর উপজেলা ছাড়া বাকিগুলোতে একক প্রার্থী নির্ধারণ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই বিপাকে পড়েছে।
নবীগঞ্জে আওয়ামী লীগ থেকে প্রার্থী হয়েছেন তিনজন। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান ও উপজেলা যুবলীগের সভাপতি ফজলুক হক চৌধুরী ওরফে সেলিম। তাঁদের মধ্যে আলমগীর চৌধুরীকে দল থেকে সমর্থন দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সাংসদ মোহাম্মদ আবু জাহির বলেন, জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আলমগীরকে দল-সমর্থিত প্রার্থী করা হয়েছে। অপর দুজনকে সরে দাঁড়ানোর অনুরোধ করা হয়েছিল। না মানায় ৮ মার্চ জেলা কমিটির এক সভায় তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়।
এ উপজেলায় ১৯ দলের একক প্রার্থী নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান চৌধুরী ওরফে সেফু।
আজমিরীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ থেকে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসবাহ উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আতর আলী মিয়া। জেলা আওয়ামী লীগ মিসবাহ উদ্দিন ভূঁইয়াকে সমর্থন দিয়েছে। আতর আলী নির্বাচন থেকে সরে না দাঁড়ানোয় ৮ মার্চ জেলা কমিটির সভায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউচ আজমিরীগঞ্জে দলের কেন্দ্র-সমর্থিত প্রার্থী হিসেবে রওশন মোশারফের নাম ঘোষণা করেন। এখানে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হাবিবুর রহমান। তিনি অবশ্য দাবি করেন, ‘তৃণমূলের সমর্থনেই আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। রওশন মোশারফ তো বিএনপির কেউ নন। আমি দল-সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর জেলা নেতা জি কে গউচের একক পছন্দে তিনিও (রওশন) মনোনয়নপত্র জমা দেন।’
লাখাইয়ে আওয়ামী লীগ থেকে নির্বাচন করছেন দলের জেলা সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক আহমেদ, জেলা কমিটির যুগ্ম সম্পাদক আবুল হাশেম মোল্লা, উপজেলা সাধারণ সম্পাদক মশিউল আলম ওরফে আজাদ ও দলের সমর্থক অমরেন্দু লাল রায়। জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবু জাহির অনেক চেষ্টা করেও দলের একক প্রার্থী নির্ধারণ করতে পারেননি।
লাখাইয়ে বিএনপির ক্ষেত্রেও একই সমস্যা। চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য আবদুল ওয়াহেদ ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম মোল্লা—তিনজনই দল-সমর্থিত প্রার্থী দাবি করে প্রচারকাজ চালাচ্ছেন।
বানিয়াচং উপজেলায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন দলের উপজেলা সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, সদস্য আবুল কাশেম চৌধুরী ও জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা। দলের দুই স্থানীয় ও কেন্দ্রীয় নেতা তিন দফা বৈঠক করেও এখানে একক প্রার্থী ঠিক করতে পারেননি। আমির হোসেন বলেন, ‘আমি ৪৫ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তৃণমূলের সবাই আমাকে সমর্থন করেন। আমি বিজয়ী হব বলে আশা করি।’
এ উপজেলায় বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বশির আহমেদ। এখানে নুরুল আমিন চৌধুরী নামে আরেক প্রার্থী নিজেকে বিএনপির লোক দাবি করছেন। বশির আহমেদ বলেন, ‘জেলা ও কেন্দ্রীয় বিএনপি আমাকে সমর্থন দিয়েছে। নুরুল আমীন চৌধুরী নিজেকে বিএনপির লোক বলে দাবি করলেও তিনি তো আসলে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নন।’