চার উপজেলায় ১৯ দিন ধরে বিদ্যুৎ সরবরাহে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বজ্রপাতে পুড়ে যাওয়া একটি সার্কিট ব্রেকার প্রতিস্থাপনে গড়িমসির কারণে রংপুর ও গাইবান্ধার চারটি উপজেলার ৩৩টি ইউনিয়নে ১৯ দিন ধরে বিদ্যুৎ সরবরাহে অচলাবস্থা বিরাজ করছে।রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পীরগাছা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, সমিতি-১-এর আওতায় পীরগাছা উপজেলার নয়টি, কাউনিয়ার ছয়টি এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ও সাদুল্যাপুরের তিনটি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করা হয়। গত ৩১ মার্চ ঝড়ের সময় বজ্রপাতে রংপুর পিডিবির গ্রিড স্টেশনের বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৩৩ কেভি ফিডারের একটি সার্কিট ব্রেকার পুড়ে যায়। এটি সংস্কার কিংবা এর পরিবর্তে নতুন একটি সার্কিট ব্রেকার প্রতিস্থাপন না করায় ৩১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত চার দিন এ চার উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। পরে বিকল্প পদ্ধতিতে এ চার উপজেলায় আট মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়। কিন্তু আগে স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ২২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো।পীরগাছার কান্দি ইউনিয়নের মনিরামপুর গ্রামের কৃষক মুকুল মিয়া (৪০) বলেন, ‘১৫ বিঘা জমিতে আগাম জাতের বোরো ধান চাষ করেছি। বর্তমানে ধানগাছে শিষ বের হয়েছে। কিন্তু ২৪ ঘণ্টায় গড়ে এক থেকে দেড় ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।’ একই গ্রামের সেচ পাম্পের মালিক মিলন মিয়া বলেন, ‘২৪ ঘণ্টায় ১০-১২ বার বিদ্যুৎ যাওয়া-আসা করে। একবার বিদ্যুৎ এলে ১০-১৫ মিনিটের বেশি থাকে না।’ সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামের কৃষক আনছার আলী (৬৮) বলেন, ‘এখন বোরো ধানের শিষ বের হওয়ার সময়, অথচ পানি দিতে পারছি না।’প্রয়োজনীয় বিদ্যুতের অভাবে এ চার উপজেলার হিমাগার মালিকেরাও বিপাকে পড়েছেন। পাশাপাশি কল-কারখানায় উৎপাদন ব্যাহতসহ শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।পিডিবি রংপুরের প্রধান নির্বাহী প্রকৌশলী অলক কুমার বলেন, ‘সার্কিট ব্রেকার মেরামত ও প্রতিস্থাপন করার দায়িত্ব সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির, পিডিবির নয়।’রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উপমহাব্যবস্থাপক (কম) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সার্কিট ব্রেকার কেনা হয়েছে। এটি বসানোর প্রক্রিয়া চলছে।’রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ শঠিবাড়ি কার্যালয়ের মহাব্যবস্থাপক কাজি মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সঙ্গে পিডিবির যে সমস্যা ছিল তা সমাধান করা হয়েছে। এখন থেকে পর্যায়ক্রমে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। আর কোনো সমস্যা হবে না।’