চার উপজেলায় ‘ভূমিকর্তা’ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে দিনাজপুরের হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীর পদ শূন্য রয়েছে। ফলে এসব উপজেলায় ভূমিসংক্রান্ত কর্মকাণ্ড কার্যত অচল হয়ে পড়েছে। এতে করে এসব উপজেলার বাসিন্দাদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটি ২০১০ সালের ১৩ জুলাই থেকে শূন্য। পাশাপাশি একজন কানুনগো, দুজন অফিস সহকারী, একজন জারিকারক, তিনজন পিয়ন ও পাঁচটি উপসহকারী ভূমি কর্মকর্তার পদ শূন্য রয়েছে। একই বছরের ১৪ আগস্ট থেকে ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনারের পদটি শূন্য রয়েছে। সেখানে তিনজন অফিস সহকারী, একজন জারিকারক, একজন চেইনম্যান, তিনজন উপসহকারী ভূমি কর্মকর্তা, তিনজন পিয়নের পদও দীর্ঘদিন শূন্য রয়েছে। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) অন্যত্র বদলি করা হয়। এর পর থেকে পদটি শূন্য রয়েছে। এ ছাড়াও আটজন উপসহকারী ভূমি কর্মকর্তা, তিনজন অফিস সহকারী, একজন জারিকারক, একজন পিয়ন ও একজন চেইনম্যানের পদ শূন্য রয়েছে। গত বছরের ৭ এপ্রিল বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্যত্র বদলি হয়ে যান। এ ছাড়া ওই উপজেলা ভূমি কার্যালয়ে একজন কানুনগো, একজন অফিস সহকারী ও দুজন চেইনম্যান নেই।বিরামপুর ভূমি কার্যালয়ের অফিস সহকারী নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এখানে পদগুলো শূন্য। ফলে ফাইলপত্র নিয়ে ইউএনওর কার্যালয়ে দৌড়ঝাঁপ করতে হয়। এতে অনেক সময় ব্যয় হয়। নবাবগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো সাইফুল আলম বলেন, জনবল সংকটের কারণে কাজের চাপ পড়ায় তাঁদের হিমশিম খেতে হচ্ছে।হাকিমপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা বলেন, দীর্ঘদিন ধরে খাসপুকুর লিজ, খাজনা-খারিজসহ জমিসংক্রান্ত কাজ না হওয়ায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ঘোড়াঘাটের লালবাগ এলাকার বাসিন্দা শামসুল আলম বলেন, ‘ছয় মাস আগে এক একর ৭৪ শতাংশ জমি খারিজের জন্য ভূমি কার্যালয়ে আবেদন করি। কিন্তু আমার জমি এখন পর্যন্ত খারিজ করা হয়নি।’ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকছুদা আকতার বলেন, বিভিন্ন কাজে তাঁকে ব্যস্ত থাকতে হয়। তাই ভূমিসংশ্লিষ্ট কাজগুলো ঠিকমতো করতে পারেন না তিনি। ফলে উপজেলার বাসিন্দারা সময়মতো কাজ করিয়ে নিতে পারছেন না। যোগাযোগ করা হলে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিজুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সম্প্রতি রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কয়েকজন সহকারী কমিশনারকে শূন্য পদগুলোতে যোগদান করতে বলা হয়েছে। কিন্তু তাঁরা এখনো যোগদান করেননি। তবে অচিরেই পদগুলো পূরণের আশ্বাস দেন তিনি।