কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানসহ ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার চারজন উপপরিদর্শক (এসআই) ও ১১ জন কনস্টেবলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত শনিবার রাতে এই শাস্তি কার্যকর হয়।
থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই উত্তম কুমার দে ও ১০ কনস্টেবলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত এবং এসআই মোস্তফা কামাল, তাজুল ইসলাম, আল-আমিন সরকার ও কনস্টেবল সাজ্জাদ হোসনকে কর্মস্থল থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ প্রথম আলোকে বলেন, ১৮ জুলাই রাতে অভিযুক্ত ব্যক্তিরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ ছাড়া আওয়ামী লীগের নেতাদের ওপর গুলি ছোড়েন। প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়ায় ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তঁাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে শহরের লালদীঘি এলাকা থেকে মোটরসাইকেলসহ ছাত্রলীগের এক কর্মীকে পুলিশ থানায় ধরে নিয়ে যায়। এরপর জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদ থানায় গেলে পুলিশের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের হাতাহাতি হয়। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা থানার সামনের পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক অফিসে ইটপাটকেল ছোড়া শুরু করেন। খবর পেয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। কিন্তু ওই অবস্থায় কয়েকজন পুলিশ সদস্য মাঠে নেমে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করেন। এতে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন। ছররা গুলিতে মুজিবুর রহমানের পিঠ ও গলা ক্ষত হয়। তাঁকে রক্ষা করতে গিয়ে আওয়ামী লীগ নেতা আবু বক্কর ছিদ্দিক, জুয়েলসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। তাঁদের পিঠ ও বুকে গুলিবিদ্ধ হয়।
গতকাল রোববার বিকেলে শহরের লালদীঘিপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে আহত মুজিবুর রহমান বলেন, ‘পরিস্থিতি শান্ত করার জন্য পুলিশ আমাকে থানায় ডেকে নেয় এবং আমি ছাত্রলীগের কর্মীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্তও করি। কিন্তু এর পরও পরিকল্পিতভাবে পুলিশ গুলি করে আমাকে হত্যার চেষ্টা চালায়। আওয়ামী লীগের কয়েকজন কর্মী আমাকে জাপটে ধরে রক্ষা না করলে ঘটনাস্থলে আমার মৃত্যু হতো।’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের দাবি করেছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন বলেন, তাঁর উপস্থিতিতেই কনস্টেবল হাসান ও সালাহ উদ্দিন গুলিবর্ষণ শুরু করেন। সে সময় তাঁরা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশও মানছিলেন না। বলতে গেলে তখন পুলিশের চেইন অব কমান্ড ছিল না।
সংবাদ সম্মেলনে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আরও বক্তব্য দেন শহর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।
জানা গেছে, ঘটনা তদন্তে শনিবার দুপুরে কক্সবাজার আসেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোশাররফ হোসেন ভুঁইয়া। বিকেলে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ও পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, পুলিশ সুপার মো. আজাদ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, শুক্রবারের অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এস শাহ হাবিবুর রহমান হাকিমকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে যাঁরা দোষী প্রমাণিত হবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।