চার কর আদায়কারী সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর আদায়ে অবহেলার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম চারজন কর আদায়কারীকে সাময়িক বরখাস্ত করেছেন। গতকাল বৃহস্পতিবার রাজস্ব বিভাগের কর কর্মকর্তা ও উপকর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তাঁদের বরখাস্ত করা হয়।বৈঠকে আগামী এক মাসের মধ্যে যেসব এলাকার রাজস্ব আদায় বাড়বে না, সেসব এলাকার কর্মকর্তাদের পদাবনতি করা হবে বলেও মেয়র জানান। এ ছাড়া কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত কর কর্মকর্তা ও উপকর কর্মকর্তাদের শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও দাপ্তরিক কাজ করার নির্দেশ দেন তিনি। সাময়িক বহিষ্কার হওয়া কর আদায়কারীরা হলেন—ধীমান বড়ুয়া, নোটন চন্দ্র মজুমদার, মোস্তাফিজুর রহমান ও দৌলত আজিম ভূঁইয়া। তাঁরা সবাই ৮ নম্বর করাঞ্চলের কর আদায়কারী।বৈঠকে মেয়র মন্জুর আলম কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কর আদায় বাড়ানোর জন্য বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারায় ওই কর আদায়কারীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক মাস আগে এ ধরনের এক বৈঠকে জানানো হয়েছিল, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে সিটি করপোরেশন যে পরিমাণ রাজস্ব দাবি করে, আদায় হয় এর মাত্র ৫ শতাংশ। ওই বৈঠকে মেয়র দ্রুত রাজস্ব আদায় বাড়ানোর নির্দেশ দিয়ে বলেছিলেন, অন্যথায় ব্যর্থ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকালের বৈঠকে জানানো হয়, গত এক মাসে রাজস্ব আদায় ৫ শতাংশ থেকে বেড়ে ৭ শতাংশে উন্নীত হয়েছে। তবে তা গত বছরের চেয়ে কম।বৈঠকে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ তৈয়ব ও প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী উপস্থিত ছিলেন।