চার কর্মকর্তা আটক, ৭ কেন্দ্রের ভোট বাতিল
যশোরে গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় ধাপের নির্বাচনে সহিংসতায় এক ব্যক্তি নিহত হয়েছেন। অনিয়মসহ বিভিন্ন কারণে ভোট বাতিল করা হয়েছে পাঁচটি ইউপির সাতটি কেন্দ্রের। অনিয়মে সহযোগিতার অভিযোগে আটক করা হয়েছে চার নির্বাচনী কর্মকর্তাকে।
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউপির ৬৫ নম্বর চাঁচড়া-ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বোমা হামলায় আবদুস সাত্তার (৭০) নামের এক ব্যক্তি প্রাণ হারান। তিনি এই কেন্দ্র এলাকায় ফেরি করে ঝুড়িভাজা বিক্রি করছিলেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বেলা সোয়া ১১টার দিকে ওই ভোট কেন্দ্রের দুই প্রান্ত থেকে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থীর সন্ত্রাসীরা বোমা ফাটাতে ফাটাতে কেন্দ্রে প্রবেশ করে।
কেন্দ্রের মাঠে ভোট দিতে সারিতে দাঁড়ানো নারী-পুরুষ ভয়ে দিগ্বিদিক ছুটতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ১০টি ফাঁকা গুলি ছোড়ে। এরই মধ্যে বোমার আঘাতে প্রাণ হারান আবদুস সাত্তার।
চাঁচড়া-ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সেলিম বলেন, সকাল আটটা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হয়। এই সময়ের মধ্যে ৩৩ শতাংশ ভোট পড়ে। এরপরই কেন্দ্রের দুই দিক থেকে সন্ত্রাসীরা বোমার বিস্ফোরণ ঘটাতে ঘটাতে কেন্দ্রে ঢোকে। সহিংসতায় ভোট গ্রহণ পণ্ড হয়ে যায়। এই কেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হবে।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুল করিম অভিযোগ করেন, ভোট গ্রহণ পণ্ড করতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল আজিজ বিশ্বাসের সমর্থক ইউপি সদস্য প্রার্থী বিল্লাল ও লাল নামের স্থানীয় একজনের নেতৃত্বে বোমা হামলা চালানো হয়।’
তবে অভিযোগ অস্বীকার করে আজিজ বিশ্বাস বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুল করিমের লোকজন বোমা হামলা করে আমার লোকজনের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।’
ওই ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল বিল্লালকে আটকের জন্য তাঁর বাড়িতে অভিযান চালায়। তাকে না পেয়ে পুলিশ তাঁর বাড়ি-ঘর ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে।
পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, সদস্য প্রার্থী বিল্লাল ও লাল নামে আওয়ামী লীগের এক কর্মীর নেতৃত্বে বোমা হামলা চালানো হয়েছে। তাঁদের বোমার আঘাতে আবদুস সাত্তার মারা গেছেন। হামলাকারীদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।
জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ বলেন, ভোট কারচুপি ও সহিংসতার কারণে পাঁচটি ইউপির সাতটি কেন্দ্রের ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। ভোট বাতিল হওয়া কেন্দ্রগুলো হলো চাঁচড়া ইউপির ৬৫ নম্বর চাঁচড়া-ভাতুড়িয়া প্রাথমিক বিদ্যালয়, গোয়ালদহ প্রাথমিক বিদ্যালয় ও কল্যাণদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র; উপশহর ইউপির শহীদ স্মরণী প্রাথমিক বিদ্যালয়; কাশিমপুর ইউপির বিজয়নগর প্রাথমিক বিদ্যালয়; চূড়ামনকাঠি ইউপির চূড়ামনকাঠি প্রাথমিক বিদ্যালয় ও বসুন্দিয়া ইউপির জগন্নাথপুর উচ্চবিদ্যালয় কেন্দ্র। উপজেলায় মোট ভোটকেন্দ্র ১৬২টি।
এদিকে চাঁচড়া ইউপির সাড়াপোল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই করতে আসে একদল দুর্বৃত্ত। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে ছিনতাই প্রতিরোধ করে।
নির্বাচনী কর্মকর্তা আটক: উপশহর ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী এহসানুর রহমানের পক্ষে ভোট কাটার অভিযোগের পরিপ্রেক্ষিতে শহীদ স্মরণী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা তৌহিদুল ইসলামকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ সোহেল হাসান প্রথম আলোকে বলেন, ওই কেন্দ্রের ভোট কাটার ছবি কে বা কারা নির্বাচন কমিশনে পাঠিয়ে দেয়। পরে ওই কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যালটে গরমিল পাওয়া গেছে। এ কারণে ভোট বাতিল করে প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে।
চূড়ামনকাঠি ইউপির চূড়ামনকাঠি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে নৌকাসহ কয়েকটি প্রতীকে সিল মারা ১০০ ব্যালটের একটি বই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এ কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা শেখ আবদুল্লাহ বিন আকবর ও পোলিং এজেন্ট মহিদুল ইসলামকে আটক করা হয়। একই রকমের অভিযোগে কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রফিকুল ইসলাম ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ইসরাত জাহানকে আটক করা হয়েছে।
এঁদের মধ্যে রফিকুল ইসলামকে মুচলেকা নিয়ে রাত আটটার দিকে ছেড়ে দেওয়া হয় বলে প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে।