চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত নৌমন্ত্রীর

পরিদর্শনে গিয়ে আসনে না পেয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে নৌপরিবহনমন্ত্রী চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে বিআইডব্লিউটিএর কার্যালয়ে পরিদর্শনে যান। এ সময় নির্বাহী প্রকৌশলী সাজিদুল ইসলাম, উপপরিচালক (বন্দর) মো. আলমগীর হোসেন, সহকারী পরিচালক মো. সেলিম ও নয়ন শীল নিজ নিজ আসনে ছিলেন না।
এমন অনুপস্থিতির জন্য মন্ত্রী তাঁদের সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিআইডব্লিউটিএ চট্টগ্রামের যুগ্ম পরিচালক আক্কাস আলী প্রথম আলোকে বলেন, ওই কর্মকর্তাদের আসনে দেখতে না পেয়ে মন্ত্রী অনুপস্থিতির কারণ জানতে চান এবং তাঁদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। তিনি জানান, ওই কর্মকর্তারা বাইরে গিয়েছিলেন। নৌমন্ত্রীর ওই নির্দেশ দেওয়ার একটু পরই তাঁরা কার্যালয়ে ফিরে আসেন।
বিআইডব্লিউটিএর অপর একটি সূত্র জানায়, সকালে মন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আক্কাস আলীর সঙ্গে সাজিদুল ইসলাম ও নয়ন শীল বিমানবন্দরে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে অফিসে প্রবেশ করতে তাঁদের দেরি হয়।