সোনালী ব্যাংকের দিনাজপুরের বিরামপুর শাখার চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহার ও গ্রাহকদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
বিরামপুরের শিক্ষক নেতা ও জনপ্রতিনিধিরা ওই কর্মকর্তাদের প্রত্যাহার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
ব্যাংকের ওই চার কর্মকর্তা হলেন জ্যেষ্ঠ কর্মকর্তা মাসুদ রানা, মিজানুর রহমান, শাহ আলম এবং প্রধান ক্যাশিয়ার তোছাদ্দেক হোসেন।
বিরামপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার বলেন, সোনালী ব্যাংকের ওই শাখায় শিক্ষকদের হিসাব থাকায় ওই চার কর্মকর্তারা মনে করেন, শিক্ষকেরা তাঁদের কাছে জিম্মি। তাঁরা শিক্ষকদের হয়রানি ও অপমান করছেন।
শিক্ষক সমিতির বিরামপুর শাখার জ্যেষ্ঠ সহসভাপতি স্থানীয় আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি একই বিদ্যালয়ের শিক্ষক গোলাম ফারুক, কোঁচগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলীসহ শিক্ষক নেতারা অভিযোগ করেন, ওই চার কর্মকর্তা যেসব গ্রাহকের কাছে সুবিধা পান, তাঁদের বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা দেন। অন্যদের হয়রানিসহ দুর্ব্যবহার করেন।
শিক্ষক নেতারা ওই কর্মকর্তাদের প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। দাবি মানা না হলে রংপুর বিভাগে সোনালী ব্যাংকের সব শাখা থেকে হিসাব তুলে নেওয়াসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন শিক্ষক নেতারা।
পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জাতীয় পার্টির বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ওই চার কর্মকর্তার দুর্নীতি আর হয়রানির কারণে সোনালী ব্যাংকে গ্রাহকেরা যেতে চান না।
অভিযোগের ব্যাপারে ওই চার কর্মকর্তার সঙ্গে কথা বলতে গেলে তাঁরা সাংবাদিকের সঙ্গেও দুর্ব্যবহার করেন। প্রধান ক্যাশিয়ার তোছাদ্দেক হোসেন সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন।
ওই চার কর্মকর্তার হয়রানি ও দুর্ব্যবহারের ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনালী ব্যাংকের বিরামপুর শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।