ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে কুমিল্লার তিন উপজেলার তিনজন প্রিসাইডিং কর্মকর্তা ও একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
একই সঙ্গে যেসব ভোটকেন্দ্রে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা জোর করে ব্যালট পেপারে সিল মারার সময় বাধা দেননি, তাঁদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। এ ছাড়া ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উত্তর চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে সিলমারা ও নানা অনিয়মের ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) ফরহাদ আহাম্মদ খানের সই করা চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, গত শনিবার ইউপি নির্বাচনে কুমিল্লার আটটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এর মধ্যে তিনটি কেন্দ্রের তিনজন প্রিসাইডিং কর্মকর্তা ও একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার জন্য কমিশন চিঠি দেয়। তাঁরা হলেন মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউপির আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাবিবুর রহমান, চান্দিনা উপজেলার জোয়াগ ইউপির জোয়াগ-নোয়াগাঁও দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হুমায়ুন কবীর, চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউপির যুগীরহাট হোসেইনিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রিসাইডিং কর্মকর্তা মোবারক হোসেন ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা তাজুল ইসলাম। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা-১০-এর বিভিন্ন ধারা অনুযায়ী তাঁদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়।
জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম আরও বলেন, গত শনিবার মাধবপুর ইউপির উত্তর চান্দলা কেন্দ্রে দুষ্কৃতকারীরা ঢুকে ব্যালট পেপারে সিল মারে। এ ঘটনাকে কেন্দ্র করে তাপস চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।