চার কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে পৌরসভা নির্বাচনে তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে গতকাল শনিবার চারজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তার বাতিল করে দেওয়া একজন প্রার্থীর মনোনয়নপত্র পুনর্বহাল ও তিন প্রার্থীর বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। গত ২৯ ও ৩০ ডিসেম্বর অভিযোগ শুনানির পর জেলা প্রশাসক মিজানুর রহমান গতকাল এ রায় দেন।যাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাঁরা পাল্টা অভিযোগ করে বলেছেন, ক্ষমতাসীন দলের প্রার্থীদের প্রতি পক্ষপাতিত্ব করে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আয়ুব খান ভুল তথ্য; ৩ নম্বর ওয়ার্ডের ফোরকান, ১ নম্বর ওয়ার্ডের সুকুমার শীল, ৮ নম্বর ওয়ার্ডের জাফরুল্লাহ ও ৪ নম্বর ওয়ার্ডের খ্যা জাবুং মারমা তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে খ্যা জাবুং মারমা ছাড়া অন্যদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপরদিকে ৩ নম্বর ওয়ার্ডের অজিত কুমার দাশ, ৭ নম্বর ওয়ার্ডের আবদুল মাজেদ ও ৪ নম্বর ওয়ার্ডের দীলিপ কুমার বড়ুয়ার বিরুদ্ধে প্রতিপক্ষের দেওয়া মিথ্যা তথ্যের অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।মনোনয়নপত্র বাছাইয়ের আপিল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক মিজানুর রহমান আপিল শুনানি শেষে গতকাল রায় ঘোষণার দিন ধার্য করেন। রায়ে পুনর্বহালের আবেদনকারীদের মধ্যে খ্যা জাবুং মারমা মনোনয়নপত্রে ভুল তথ্য দেননি, সরল বিশ্বাসে মনোনয়ন ফরম পূরণে কিছু ভুল করেছেন বলে তাঁর মনোনয়নপত্রটি পুনর্বহাল করা হয়েছে।মনোনয়নপত্র বাতিল হওয়া বিএনপির কাউন্সিলর প্রার্থী জাফরুল্লাহ অভিযোগ করেন, তাঁরা বিএনপি করায় তাঁদের আবেদন বাতিল করা হয়েছে। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূর মোহাম্মদ অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী অজিত কুমার দাশের (আওয়ামী লীগ) বিরুদ্ধে তিনি নিজেই তথ্য গোপনের অভিযোগ তোলেন। কিন্তু অজিত ক্ষমতাসীন দলের হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়নি। নূর মোহাম্মদ এ ব্যাপারে উচ্চ আদালতে রিট করবেন বলে জানিয়েছেন।জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, কারও প্রতি পক্ষপাতিত্ব করা হয়নি। দালিলিক প্রমাণের ভিত্তিতে কারও কারও মনোনয়ন বাতিল হয়েছে।প্রসঙ্গত, ১৮ জানুয়ারি বান্দরবান পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে নয়জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আটজন ও কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।