চার কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা
পরিবেশ দূষণের দায়ে রাজধানীর তিনটি ও মানিকগঞ্জের একটি শিল্পকারখানাকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রোববার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর কারখানার মালিক ও প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে ডেকে জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধানে দেখা গেছে, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় অবস্থিত রাইজিং নিট টেক্সটাইল লি. ত্রুটিপূর্ণ বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) যন্ত্রের মাধ্যমে কারখানা থেকে তরল বর্জ্য পার্শ্ববর্তী জলাশয়ে ফেলছিল। এতে প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতির প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে কারখানাটিকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া তরল বর্জ্য পরিশোধনাগার (এটিপি) ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই ওয়াশিং কারখানা পরিচালনা করায় ঢাকা জেলার ভাটারা (জগন্নাথপুর) এলাকার ইজতেমা ওয়াশিং কারখানাকে চার লাখ ও ইউরো ওয়াশিং কারখানাকে এক লাখ এবং সানি ওয়াশিং কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।