চার কারখানাকে ৩৭ লাখ টাকা জরিমানা
পরিবেশদূষণের দায়ে গাজীপুরের চারটি কারখানাকে ৩৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ডেকে কারখানা কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।
যেসব কারখানাকে জরিমানা করা হয়েছে, সেগুলো হচ্ছে কাশিমপুরের নয়পাড়া এলাকার মুনটেক্স ফেব্রিক্স লিমিটেড, মাল্টি ফ্যাবস লিমিটেড, মৌরিশাস ইন্টারকন্টিনেন্টাল ও কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকার হেসং বিডি লিমিটেড।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঢাকায় পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক মো. আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ১৪ সেপ্টেম্বর গাজীপুরের বিভিন্ন ডাইং ও ওয়াশিং কারখানা পরিদর্শন করে। পরিদর্শনকালে দলটি কালিয়াকৈর ও কাশিমপুর এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য শোধানাগারের (ইটিপি) কার্যক্রম পর্যবেক্ষণ করে। পাশাপাশি পরিশোধনাগার থেকে পানি সংগ্রহ করা হয়। পরে ওই পানি পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। পরীক্ষা করে পাওয়া প্রতিবেদনের আলোকে এবং পরিবেশগত ব্যবস্থাপনা বিবেচনায় নিয়ে গতকাল পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে শুনানি শেষে ত্রুটিপূর্ণ ইটিপি পাওয়ায় চারটি কারখানাকে জরিমানা করা হয়। এগুলোর মধ্যে মুনটেক্স ফেব্রিক্স লিমিটেডকে ১০ লাখ, মাল্টি ফ্যাবস লিমিটেডকে ১০ লাখ, মৌরিশাস ইন্টারকন্টিনেন্টালকে সাত লাখ ও হেসং বিডি লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক হাফিজুর রহমান ওই চারটি কারখানাকে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন।