চার কারণে সেনা মোতায়েন হয়নি নারায়ণগঞ্জে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হয়নি চার কারণে। গত রোববার সশস্ত্র বাহিনী বিভাগ থেকে এ কথাটি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এর আগে ২ নভেম্বর নির্বাচন কমিশন সেনা মোতায়েন না করা সম্পর্কে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছিল।প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা চিঠির জবাব পাওয়ার কথা স্বীকার করে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘কমিশন চিঠির জবাব পেয়েছে। আসলে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনী বিভাগের মধ্যে এক ধরনের দূরত্ব ছিল। আমরাই শুরুতে বলেছিলাম, সেনা মোতায়েন করা হবে না। পরে সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সাধারণত সেনা মোতায়েনের আগে সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে আমরা বৈঠক করে থাকি। কিন্তু এবার তা হয়নি। মূলত ওই সময় প্রধানমন্ত্রী (প্রতিরক্ষামন্ত্রী) দেশের বাইরে ছিলেন। প্রিন্সিপাল স্টাফ অফিসার গিয়েছিলেন হজে। যে কারণে সময়মতো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।’ সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আতাউল এইচ হাসান স্বাক্ষরিত চিঠিতে নারায়ণগঞ্জ নির্বাচনে সেনা মোতায়েন না করার একটি ব্যাখ্যা দেওয়া হয়। এতে বলা হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সময় আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠকে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গেও নির্বাচন কমিশনের দ্বিপক্ষীয় কোনো আলোচনা হয়নি। একই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, সেনা মোতায়েনের বিষয়ে পরে আলোচনা হবে, যে কারণে সেনাবাহিনী মোতায়েন করা হয়নি। তা ছাড়া সরকারের একটি গোয়েন্দা বিভাগের প্রতিবেদনে বলা হয়েছিল, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা সম্ভব। আর এসব কারণে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে সেনা মোতায়েনের ব্যাপারে কোনো প্রস্তুতি ছিল না।গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৪ অক্টোবর সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশন সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দেয়। কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়নি। এমনকি এ বিষয়ে নির্বাচন কমিশনকে কিছু জানানো হয়নি।