
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সংক্রামক ব্যাধি ওয়ার্ডের দূরত্ব চার কিলোমিটার। ডায়রিয়া, টিটেনাস ও বসন্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয় এই ওয়ার্ডে। হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হওয়ার পর চিকিৎসকেরা রোগীকে এই ওয়ার্ডে স্থানান্তর করলে দুর্ভোগে পড়তে হয় রোগী ও তাঁর স্বজনদের। ব্যস্ত সড়কে যানজট ঠেলে হাসপাতাল থেকে ওয়ার্ডে যেতেই কখনো কখনো এক ঘণ্টা লেগে যায়। রোগীদের ভোগান্তি ও বিড়ম্বনা কমাতে দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডটি হাসপাতাল ভবনে নেওয়ার দাবি জানিয়ে আসছে রংপুরের নাগরিক সংগঠনগুলো।
শহরের কেন্দ্রীয় কারাগার এলাকায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থান। আর সংক্রামক ব্যাধি ওয়ার্ডটি সিটি করপোরেশন ভবনের সামনে অবস্থিত। দুয়ের মাঝে দূরত্ব চার কিলোমিটার। কোনো রোগীকে হাসপাতাল থেকে সংক্রামক ব্যাধি ওয়ার্ডে স্থানান্তর করা হলে চরম দুর্ভোগ পোহাতে হয় ওই রোগীর স্বজনদের। রোগী স্থানান্তরের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স সুবিধা দেয় না। ফলে শহরের ব্যস্ত সড়ক দিয়ে রোগীর স্বজনদের নিজস্ব উদ্যোগে রোগীকে সেখানে নিয়ে যেতে হয়। ধুলোবালি, যানবাহনের কালো ধোঁয়া, শব্দদূষণসহ নানা প্রতিকূলতা মোকাবিলা করে ঝুঁকি নিয়েই রোগীকে ওয়ার্ডে নিতে হয়। অনেক সময় রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি হয় বলে ভুক্তভোগীরা বলেছেন। বেশির ভাগ ক্ষেত্রেই রোগীর জন্য সুবিধাজনক বাহনও পাওয়া যায় না। এ ছাড়া রোগী পরিবহনে বাড়তি অর্থ ও সময় ব্যয় হয়।
জরুরি চিকিৎসা নেওয়ার পর ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের সংক্রামক ব্যাধি ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সারা বছরই হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ থাকে। আর আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশি থাকায় অভিভাবকদের ভোগান্তিও বেশি হয়।
১৫ শয্যার সংক্রামক ব্যাধি ওয়ার্ডের ভেতরের পরিবেশ নিয়ে অসন্তোষ আছে রোগীদের। এর মেঝে স্যাঁতসেঁতে। বাইরের পরিবেশও স্বাস্থ্যকর নয় বলে অভিযোগ করেছেন হাসপাতালে থাকা রোগীর স্বজনেরা। বৃষ্টি হলেই ওয়ার্ডের প্রবেশপথে পানি জমে যায়। কাদাপানি মাড়িয়েই রোগীকে ওয়ার্ডে নিতে হয়।

নগরের হনুমানতলা বস্তি এলাকার ডায়রিয়ায় আক্রান্ত শিশুর মা রঞ্জিলা বেগম বলেন, ‘হামার বাড়ির বগলোত এই হাসপাতালোত, এটে কোনো চিকিৎসা না করিয়া পাঠে দেলে মেডিকেলোত, সেটে থাকি ফির এটে আসা। (আমার বাড়ির সামনেই সংক্রামক ব্যাধি ওয়ার্ড, সেখানে যাওয়ার পর পাঠিয়ে দেওয়া হয় মেডিকেলে, তারপর আবার এখানে আসতে হয়েছে)। সেখান থেকে আবার খালি যাওয়া-আসা করতে গেল এক ঘণ্টা। এমন করিয়া কি চিকিৎসা হয়।’
সংক্রামক ব্যাধি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক সিরাজুম মুনিরা বলেন, হাসপাতাল থেকে এত দূরে একটি ওয়ার্ড রাখার কোনো কারণ থাকতে পারে না। এতে রোগীদের ভোগান্তি পোহাতে হয়।
নাম প্রকাশ না করার শর্তে এই ওয়ার্ডের একজন চিকিৎসক বলেন, হাসপাতাল থেকে ওয়ার্ডের দূরত্ব বেশি হওয়ায় তাঁদেরও বিড়ম্বনার শেষ নেই। হাজিরাসহ নানা প্রশাসনিক কাজে তাঁদের ওয়ার্ড থেকে হাসপাতাল ভবনে একাধিকবার যাতায়াত করতে হয়।
সংক্রামক ব্যাধি ওয়ার্ড নিয়ে রোগী ও তাঁর স্বজনদের ভোগান্তি থেকে রেহাই দিতে রংপুরের বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মহলে সুপারিশ, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছে। কখনো কখনো আশ্বাস মিললেও কাজ এগোয়নি।
এ বিষয়ে রংপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বলেন, ‘সংক্রামক ব্যাধি ওয়ার্ডটি হাসপাতাল ভবনে স্থানান্তরের জন্য আমরা মানববন্ধন, সভা-সমাবেশ করেছি। হাসপাতাল কর্তৃপক্ষ শুধু প্রতিশ্রুতিই দেয়। কিন্তু এর বাস্তবায়ন হয় না।’ তিনি বলেন, ‘আমাদের দাবি হচ্ছে, এই ওয়ার্ডটি হাসপাতালে নিয়ে যাওয়া হোক। একই সঙ্গে সংক্রামক ব্যাধি ওয়ার্ডটির জায়গায় নতুন হাসপাতাল গড়ে তোলা হোক।’
রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মো. জুননুন সংক্রামক ব্যাধি ওয়ার্ডটি হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়ে বলেন, একটি ওয়ার্ড হাসপাতাল ভবন থেকে এত দূরে থাকবে, এটি হতে পারে না। এতে রোগীদের ভোগান্তি বাড়ছে।
মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম বলেন, রংপুর মহানগর হয়েছে। শহরে আগের চেয়ে লোক বেড়েছে। মানুষজনের দুর্ভোগের কথা বিবেচনা করে এই ওয়ার্ডটি এখান থেকে সরিয়ে হাসপাতালে স্থানান্তর করা উচিত।
এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা বলেন, বছরের পর বছর ধরে এ ব্যবস্থা চলে আসছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এত দূরের একটি ওয়ার্ড হাসপাতাল ভবনে নিয়ে আসা হলে সবারই সুবিধা হতো।
রংপুর অঞ্চলের রোগীদের চিকিৎসাসেবার জন্য ১৯৬০ সালে বর্তমান সিটি করপোরেশনের সামনে সদর হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। ১৯৭৬ সালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলে সদর হাসপাতাল বিলুপ্ত করে এটি হাসপাতালের সংক্রামক ব্যাধি ওয়ার্ডে রূপান্তরিত করা হয়।