চার কিলোমিটারের সব গাছ কেটে ফেলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিপািহপাড়া-দীঘিরপাড় সড়কের মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলাগাঁও বাজার থেকে ইউরোপা হিমাগার এলাকা পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কের দুই পাশে সারিবদ্ধ গাছ রয়েছে প্রায় দুই হাজার। সম্প্রতি বন বিভাগ দরপত্রের মাধ্যমে ৭৫০টি গাছ বিক্রি করে দেয়। কিন্তু ক্রেতারা ছোট-বড় সব গাছই নির্বিচারে কেটে নিচ্ছে। এরই মধ্যে কেটে ফেলা হয়েছে শতাধিক গাছ।
এলাকাবাসী অভিযোগ করেন, দেড় বছরের গাছও রেহাই পাচ্ছে না। কোনো বাচবিছার ছাড়াই কেটে ফেলা হচ্ছে এসব গাছ। গতকাল সরেজমিনে দেখা গেছে, রামপাল বজ্রযোগিনী ইউনিয়নের যুব উন্নয়ন কমপ্লেক্সের কাছে নির্বিচারে সড়কের দুই পাশের গাছগুলো কেটে ফেলা হয়েছে। এলাকাবাসী জানান, তিন-চার দিন ধরে এসব গাছ কাটা শুরু হয়েছে।
বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল আউয়াল বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে সব গাছ কিছুদিনের মধ্যেই কেটে ফেলবেন ক্রেতারা। ইউপি চেয়ারম্যান তোতামিয়া মুন্সী বলেন, ‘সরকারই যদি গাছ বিক্রি করে দেয়। তাহলে আমাদের কী করার আছে।’
জেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, ১২টি ভাগ করে ধলাগাঁও বাজার থেকে ইউরোপা হিমাগার পর্যন্ত মোট ৭৫০টি গাছ নির্ধারণ করে তা বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১২ মে ৩০ লাখ টাকায় দরপত্র প্রদান করা হয়। এর মধ্যে রামপাল এলাকার মিন্টু ভূঁইয়া দরপত্রে অংশ নিয়ে ১৮ লাখ টাকায় ৩৯০টি গাছ পান। এ ছাড়া একই এলাকার দেলোয়ার হোসেন, কবির হোসেন এবং কাজী আরমান বাকি গাছ বরাদ্দ পান।
নির্বিচারে গাছ কাটার কথা অস্বীকার করে মিন্টু ভূঁইয়া বলেন, ‘আমরা বন বিভাগের দরপত্রে অংশ নিয়া গাছ কিনেছি। তারপরে গাছ কাটতাছি।’
জেলা বন বিভাগের আঞ্চলিক কর্মকর্তা আবু তাহের বলেন, বন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তাঁরা এসব গাছ দরপত্র আহ্বানের মাধ্যমে বিক্রি করেছেন। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বলেন, গাছ কাটার বিষয়টি জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। এই বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।