ভোলা জেলার গুরুত্বপূর্ণ ভোলা-খেয়াঘাট চার কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা। এতে দুর্ভোগে পড়ছে মানুষ। ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, শহরের হাটখোলা জামে মসজিদের সামনে থেকে ভোলা খেয়াঘাট লঞ্চঘাট পর্যন্ত অসংখ্য গর্ত। সেখানে পড়ে যানবাহনের চাকা আটকে যাচ্ছে। যাতায়াতাকারীরাও গর্তে পড়ছে। এগুলো ভরাটের জন্য কিছুদিন আগে বালু ফেলা হয়েছিল। কিন্তু শুকনো মৌসুম হওয়ায় ওই বালু এখন ধুলা হয়ে উড়ছে। ফলে আশপাশের কার্যালয়ের ভবনগুলো ধুলায় সাদা হয়ে যাচ্ছে। যানবাহন গেলে পথচারীরা পড়ছে বিপাকে।
রিকশাচালক বশির উল্লাহ, অটোরিকশাচালক বাচ্চু, টেম্পোচালক আব্দুস সামাদসহ একাধিক চালক বলেন, বড় বড় আসবাব নিয়ে এলে এই সড়ক পার হতে যাত্রী ও চালকের প্রাণ ওষ্ঠাগত। গর্তের মধ্যে চাকা পড়ার সঙ্গে অনেক সময় যাত্রীও পড়ছে।
বেসরকারি সংস্থার উন্নয়নকর্মী ফজলুল হক বলেন, জেলার অর্ধশতাধিক সরকারি-বেসরকারি সংস্থার প্রধান কার্যালয় এ সড়কে। পুলিশ সুপার, সিভিল সার্জনসহ জেলার প্রধান কর্মকর্তা ও ভিআইপি বসবাস করছেন সড়কের দুই পাশে। তার পরও সড়কটি সংস্কার হচ্ছে না।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন বলেন, সড়কের বিটুমিন উঠে গর্তে ভরে গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটি পাকা করে দিলে ভালো হতো।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম আকবর হোসেন প্রথম আলোকে বলেন, ‘দ্রুত সড়কটি সংস্কার করা হবে। নতুন করে সড়ক নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে আশা করছি।’