চার কিলোমিটার দূরে ওয়ার্ড, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ওয়ার্ড থেকে সংক্রামক ব্যাধি ওয়ার্ডের দূরত্ব চার কিলোমিটার। এই পথ পাড়ি দিয়ে রোগীদের ওই ওয়ার্ডে ভর্তি হতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দুই বছর আগে এ নিয়ে দাবি ওঠার পর হাসপাতাল কর্তৃপক্ষ ওয়ার্ডটি হাসপাতলের সঙ্গে যুক্ত করার আশ্বাস দেয়। কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি।
হাসপাতাল থেকে জানা গেছে, সিটি করপোরেশন ভবনের সামনে অবস্থিত সংক্রামক ব্যাধি ওয়ার্ডে সরাসরি কোনো রোগী ভর্তি হতে পারে না। জরুরি বিভাগ হয়ে রোগীদের এই ওয়ার্ডে ভর্তি হতে হয়। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বিভিন্ন সামাজিক সংগঠন আন্দোলন করে আসছে।
আন্দোলনের সঙ্গে যুক্ত রংপুরের চিকিৎসক ও সমাজসেবক মফিজুল ইসলাম বলেন, ‘এ নিয়ে আমরা মানববন্ধন করেছি। সভা-সমাবেশ করেছি। হাসপাতালের পক্ষ থেকে শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিনেও সে প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন নেই।’
রংপুর অঞ্চলের রোগীদের চিকিৎসার জন্য ১৯৬০ সালে জেলা শহরে সদর হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। ১৯৭৬ সালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলে সদর হাসপাতালটিকে ওই হাসপাতালের সংক্রামক ব্যাধি ওয়ার্ডে রূপান্তর করা হয়। ১৫ শয্যার এই ওয়ার্ডে ডায়রিয়া, টিটেনাস ও বসন্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়।
১৮ নভেম্বর সদর উপজেলার সদ্দপুষ্করিনী ইউনিয়নের পালিচড়া এলাকার আবদুল হককে ভ্যানে করে ওই ওয়ার্ডে চিকিৎসা নিতে আসতে দেখা যায়। তিনি বলেন, ‘এমনিতেই গ্রাম থাকিয়া আসতে অনেক সময় গেল। প্রথম মেডিকোলোত গেইনো। সেটে থাকি ফির এটে পাঠাইল। এই যাওয়া আসা করতে শরীরটা কাহিল হয়া পড়ি গেল।’
ওয়ার্ডে চিকিৎসারত পীরগাছা উপজেলার আবদুল মালেক বলেন, ‘বাহে, এটা কেমন কথা। হাসপাতাল থাকিয়া একটা ওয়ার্ড এত দূরোত। কোনো জরুরি জিনিস দরকার হইলে তা পাওয়া যায় না।’
ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক লতিফা আক্তার বলেন, হাসপাতাল থেকে এত দূরে একটি ওয়ার্ড রাখার কোনো কারণ থাকতে পারে না। এত দূরে ওয়ার্ড হওয়ায় রোগীদের ভোগান্তির শেষ নেই।
হাসপাতালের পরিচালক রেজাউল করিম বলেন, বছরের পর বছর ধরে এ ব্যবস্থা চলে আসছে। ওয়ার্ডটি হাসপাতালের সঙ্গে যুক্ত করা হলে সবারই উপকার হতো। বিষয়টি ঢাকায় জানানো হলেও এ প্রসঙ্গে কোনো পদক্ষেপই নেওয়া হচ্ছে না।