>

খানখানাপুর ইউপির চেয়ারম্যান রেজাউল করিম লাল বলেন, বাঁকের কারণে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। সমস্যার সমাধানে উপজেলা প্রকৌশলীসহ সাংসদের সহযোগিতা চেয়েছি
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর-পাচুরিয়া-কামালদিয়া সড়কের প্রায় চার কিলোমিটার অংশে অন্তত ২২টি বিপজ্জনক বাঁক রয়েছে। বাঁকের কারণে এসব এলাকায় মাঝেমধ্যে ঘটে দুর্ঘটনা। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা থাকায় ও গর্তের কারণে যানবাহন চলাচলে সময় লাগে বেশি।
শনিবার সরেজমিন দেখা গেছে, খানখানাপুর-পাচুরিয়া-কামালদিয়া সড়কটির দৈর্ঘ্য প্রায় সাড়ে সাত কিলোমিটার। সড়কের একটু পর পরই রয়েছে ঝুঁকিপূর্ণ বাঁক। খানখানাপুর থেকে পাচুরিয়া হয়ে আলীপুর বাজারের আগ পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কেঅন্তত ২২টি ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। এসব বাঁকের কারণে সড়কের বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা যায় না। ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এ ছাড়া সড়কঘেঁষে বসতিঘর ও গাছপালা থাকায় দুর্ঘটনা বেশি ঘটে বলে স্থানীয় লোকজন জানান। খানখানাপুর মিয়াপাড়া এলাকায় কয়েকটি বিপজ্জনক বাঁকে তৈরি হয়েছে বড় বড় গর্ত। গর্তে আশপাশের বাড়ির পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে।যানবাহন চালাতে হচ্ছে খুব সতর্কতার সঙ্গে।
অটোরিকশাচালক আইয়ুব আলী বলেন, অনেক মানুষ স্বল্প সময়ে গোয়ালন্দ থেকেরাজবাড়ী যাতায়াতের জন্য এই রাস্তাটি ব্যবহার করেন। কিন্তু এতে দূরত্ব কমলেও একটু পরপর বাঁকের কারণে সময় বেশি লেগে যায়। সবচেয়ে বড় সমস্যা হলো ভেঁপু না বাজালে বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসছে কি না, তা বোঝার উপায় থাকে না। এতে করে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয়।
পাচুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন জানান, সড়কটির প্রায় আড়াই কিলোমিটার অংশ পড়েছে তাঁর ইউনিয়নে। আড়াই কিলোমিটারের মধ্যে ৫-৬টি স্থানে খুবই বিপজ্জনক বাঁক এবং আরও কয়েকটি স্থানে ছোটখাটো বাঁক রয়েছে। এসব বাঁকে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে। গত এক মাসে অন্তত ৪-৫টি দুর্ঘটনা ঘটেছে। ভান্ডারিয়া হাসেম মোহরারের বাড়ির সামনের বাঁকে কয়েক মাস আগে ভটভটি উল্টে আরিফ (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়।
খানখানাপুর ইউপির চেয়ারম্যান রেজাউল করিম লাল বলেন, ‘ইউনিয়নের আড়াই কিলোমিটার এলাকায় অন্তত ১২-১৩টিবিপজ্জনক বাঁক রয়েছে। ঘন ঘন বাঁক রয়েছে ও রাস্তার খোয়া-ইট উঠে বড় গর্তের তৈরি হয়েছে। বাঁকের কারণে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। সমস্যার সমাধানে উপজেলা প্রকৌশলীসহ রাজবাড়ী-১ আসনের সাংসদের সহযোগিতা চেয়েছি।’
রাজবাড়ী সদর উপজেলা প্রকৌশলী স্বপন কুমার গুহ বলেন, আলীপুর ইউনিয়নের কামালদিয়াথেকে পাচুরিয়া পর্যন্তপ্রায় পাঁচ কিলোমিটার সড়কে ৫৮ লাখ টাকা ব্যয়ে সংস্কারকাজ শুরু হয়েছে। তবে কামালদিয়া থেকেপাচুরিয়া হয়ে খানখানাপুর-কাটাখালী জিসি ভান্ডারিয়া সড়কে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। বাঁক চিহ্নিত করে রাস্তা সংস্কার ও বাঁক যতটুকু সম্ভব ঠিক করা যায় কি না, এ ব্যাপারে একটি প্রস্তাবনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হবে। তবে রাস্তার প্রায় আড়াই কিলোমিটার এলাকায় সংস্কারকাজের জন্য ইতিমধ্যে প্রায় ৯০ লাখ টাকার একটি দরপত্র আহ্বান করাহয়েছে। রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী বলেন, ‘খুব শিগগির এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আপাতত কী করা যায়, সে ব্যাপারেও সমাধানের চেষ্টা করব।’