
ভোলা শহরের খেয়াঘাট সড়ক গত দুই বছরও সংস্কার করা হয়নি। কিন্তু এর মধ্যেই চার কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির পুরোটাই বেহাল হয়ে পড়েছে। সড়কটিতে ছোট–বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। শহরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই সড়কে ভোগান্তিতে পড়ছে এ জেলার মানুষ।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, শহরের হাটখোলা জামে মসজিদের সামনে থেকে লঞ্চঘাটের দূরত্ব প্রায় চার কিলোমিটার। এটাই খেয়াঘাট সড়ক নামে পরিচিত। বরিশালসহ সারা দেশের সঙ্গে যোগাযোগে এ লঞ্চঘাটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লঞ্চঘাটে নেমে ওই সড়ক দিয়েই ভোলা শহর হয়ে জেলার অন্যত্র যেতে হয়। সড়কের দুই পাশে সার্কিট হাউস, জেলা জজ আদালত, পুলিশ সুপার ও সিভিল সার্জনের কার্যালয়সহ শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সড়কসংলগ্ন এলাকায় বাস করেন। বেহাল সড়কের কারণে সবাই ভোগান্তিতে রয়েছেন।
সরেজমিনে দেখা যায়, সড়কটির হাটখোলা জামে মসজিদের সামনে থেকে লঞ্চঘাট পর্যন্ত অসংখ্য ছোট–বড় গর্ত। সেসব গর্তে পানি রয়েছে। অনেক গর্তে হাঁটুসমান পানি। সেখানে যানবাহনের চাকা আটকে যাচ্ছে। ময়লা পানির ছিটায় নাকাল হচ্ছে পথচারীরা। এলাকাবাসীর অভিযোগ, দুই বছর ধরে এ অবস্থা চললেও কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ নিচ্ছে না।
চৌমহনী এলাকার মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার পারভেজ বলেন, তাঁদের বিদ্যালয়সহ চৌমহনীতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে প্রায় তিন হাজার শিক্ষার্থী রয়েছে। শহরের দিকে একটু দক্ষিণে গেলে একটি প্রতিবন্ধী স্কুলসহ আরও চারটি শিক্ষাপ্রতিষ্ঠান। এ সড়কের কারণে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভোগান্তিতে রয়েছে।
আরেক বাসিন্দা মো. ইসমাইল বলেন, এটি শহরের ভিআইপি সড়ক। এখানে দিনরাত যানবাহন চলে। কিন্তু সড়কটির অবস্থা সবচেয়ে খারাপ। সারা বছরই দুরবস্থা লেগেই থাকে।
রিকশাচালক বাকী বিল্লাহ বলেন, এই সড়ক পার হতে যাত্রী ও চালকের প্রাণ যায় যায় অবস্থা। গর্তের মধ্যে চাকা আটকে রিকশা পড়ে যায়। যাত্রীরাও আঘাত পায়।
শহরের ব্যবসায়ী রিপন পাল বলেন, নিত্যপ্রয়োজনীয় বেশির ভাগ মাল আসে লঞ্চঘাটের মাধ্যমে। সড়কের দুরবস্থার কারণে মালামালের ভাড়া বেশি পড়ছে। ব্যবসায়ীরাও মালের দাম বাড়াচ্ছেন।
এ সড়কে নিয়মিত পথচারী আবদুল হাই বলেন, সড়কের দুই পাশে কোনো ফুটপাত নেই। মানুষের ঘরবাড়ি, পাকা ভবন সড়ক লাগোয়া। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের ও বৃষ্টির পানি রাস্তায় এসে জমে থাকে।
চৌমহনীর বাসিন্দা মোকাম্মেল হক বলেন, সড়কটি বিটুমিন পাথর দিয়ে সংস্কার করায় টিকছে না। সিমেন্ট-পাথর ও রড দিয়ে ঢালাই করতে হবে। কিংবা সড়ক সংস্কারে বিকল্প কোনো ব্যবস্থা নিতে হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জেলা কার্যালয়ের জ্যেষ্ঠ প্রকৌশলী আবদুস সালাম বলেন, সবশেষ ২০১৫ সালে সড়কটি সংস্কার করা হয়েছিল। পানি জমে থাকায় সড়কটি টেকসই হয়নি। জেলা উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটি সংস্কারের জন্য চলতি অর্থবছর ২ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু নালা নির্মাণের জন্য আশপাশের মানুষ জমি দিচ্ছে না। তাই সড়কটি ঢালাই করে পাকা করা ছাড়া উপায় নেই। এ জন্য নতুন প্রকল্প নেওয়া হচ্ছে।