সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদরের সঙ্গে ব্রহ্মগাছা ইউনিয়নের সরাসরি সংযোগ রক্ষাকারী চাঁদপুর-খামারগাতী সড়কের চার কিলোমিটার খানাখন্দে ভরা। ফলে এ ইউনিয়নের আটটি গ্রামের হাজারো মানুষ উপজেলা সদরে যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সিএনজিচালিত অটোরিকশাচালক মাসুদ রানা বলেন, শুকনার সময় ধুলার কারণে ভাঙা এ সড়কে চলাচল করা কঠিন হয়ে পড়ে। আবার কাদা ও খানাখন্দের জন্য বর্ষার সময় এ সড়ক দিয়ে মানুষ হেঁটেই চলাচল করতে পারে না, যানবাহন তো পরের কথা। বছরের পর বছর এভাবে চললেও দেখার কেউ নেই বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মোটরসাইকেল আরোহী একটি বেসরকারি সংস্থার সমন্বয়কারী কামরুল হাসান বলেন, ভোগান্তি মেনেই দীর্ঘদিন ধরে এ সড়কে চলাচল করছি।
সরেজমিনে দেখা যায়, ধানগড়া-ব্রহ্মগাছা সড়কে চাঁদপুর সেতুর পূর্ব দিকে খামারগাতী গ্রামের শেষ পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কটি চলে গেছে। বছর দশেক আগে পাকা হওয়া সড়কটি আর সংস্কার করা হয়নি। ফলে পুরো সড়কটিই এখন খানাখন্দে ভরে গেছে। সড়কের দুই পাশে এমনভাবে ভেঙে গেছে যে চলাচলের উপায় নেই। ইট-খোয়া বের হয়ে রয়েছে। সড়কের দুই পাশে ডিকে বালিকা উচ্চবিদ্যালয়, ডিকে কারিগরি কলেজ, দৈবুজ্ঞগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, খামারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা প্রতিদিন যাতায়াতে ভোগান্তিতে পড়েন।
খামারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রওশন আরা খাতুন বলেন, সড়কের এ দশার কারণে ভ্যান-রিকশাও আসতে চায় না। বাধ্য হয়ে প্রায় প্রতিদিনই চাঁদপুর সেতু থেকে বিদ্যালয় পর্যন্ত হেঁটে যাওয়া-আসা করতে হয়। দৈবুজ্ঞগাতী গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সড়কের কথা চিন্তা করলে বাড়ি থেকে বের হতে ইচ্ছে করে না। কিন্তু প্রয়োজনের কারণে প্রতিদিনই ভোগান্তির এ সড়কে যাতায়াত করতে হয়। ডিকে উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, শুষ্ক মৌসুমে ধুলা আর বর্ষায় কাদা সঙ্গী করে আমাদের স্কুলে যাতায়াত করতে হয়। শিক্ষক শহিদুল ইসলাম বলেন, সড়কের বেহাল দশার কারণে আত্মীয়স্বজনও বাড়িতে আসতে চায় না।
ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দিন মাহমুদ বলেন, ‘সড়কের বেহাল দশার কথা কর্তৃপক্ষের কাছে অনেক বলেছি। কিন্তু কাজ হয়নি।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, বরাদ্দ পাওয়া সাপেক্ষে সড়কটির সংস্কারকাজ শুরু করা হবে।
এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ শাহ্ বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।