চার কিলোমিটারে যত ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সৈয়দপুর এলাকায় কর্দমাক্ত গোড়াই-সখীপুর সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে গাড়ি। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সৈয়দপুর এলাকায় কর্দমাক্ত গোড়াই-সখীপুর সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে গাড়ি। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর সড়কে গোড়াই থেকে হাঁটুভাঙ্গা সেতু পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকা খানাখন্দে ভরা। এ কারণে এই অংশ দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় লোকজন দুর্ভোগ পোহাচ্ছেন। খানাখন্দে পড়ে গাড়ির যন্ত্রাংশও নষ্ট হচ্ছে। এ অবস্থায় স্থানীয় লোকজন আসন্ন ঈদুল আজহার আগেই ওই অংশ পুনর্নির্মাণ করার দাবি জানিয়েছেন।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রমতে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার গোড়াই থেকে সখীপুর পর্যন্ত ২৭ কিলোমিটার রাস্তা রয়েছে। এ রাস্তাটি পুনর্নির্মাণ ও প্রশস্ত করার জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন।
কিন্তু পুনর্নির্মাণ ও প্রশস্ত না করেই বছর খানেক আগে সড়কটি সংস্কার করা হয়। এ রাস্তার হাঁটুভাঙ্গা সেতু এলাকা থেকে সখীপুর পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার ভালো থাকলেও গোড়াই থেকে হাঁটুভাঙ্গা সেতু পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি গোড়াই থেকে হাঁটুভাঙ্গা পর্যন্ত ঘুরে দেখা গেছে গোড়াই, নিয়ামইদা ও সৈয়দপুর এলাকায় রাস্তার কার্পেটিং ছাড়াও ইট ও খোয়া উঠে গিয়ে মাটি বের হয়েছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। অধিকাংশ স্থানে সৃষ্টি হওয়া গর্তে পানি জমে থাকায় রাস্তা কর্দমাক্ত হয়ে আছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ রাস্তা দিয়ে সখীপুর ছাড়াও ঘাটাইল ও মধুপুর উপজেলার লোকজন যাতায়াত করেন।
এ ছাড়া কাঁচামালবোঝাই ট্রাকসহ প্রতিদিন দুই সহস্রাধিক যানবাহন চলাচল করে। খানাখন্দের কারণে ৪ কিলোমিটার এলাকা দিয়ে খুব ধীরে ধীরে যানবাহন চলাচল করছে। এ অবস্থা চলতে থাকলে আসন্ন ঈদে এ সড়কে যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে।
ওই সড়কে নিয়মিত চলাচলকারী যাত্রী জহিরুল হক বলেন, বছর খানেক আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ রাস্তার কাজ পরিদর্শন করতে এসেছিলেন। সংস্কারকাজ শেষ হয়েছে ঠিকই। কিন্তু বছর না ঘুরতেই তা আগের অবস্থায় ফিরে এসেছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মির্জাপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, গোড়াই-সখীপুর সড়কের ওই ৪ কিলোমিটারে কাজ করার জন্য ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ঠিকাদার শিগগিরই কাজ শুরু করবেন।