চার কিলোমিটারের পিচ ও খোয়া উঠে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া-আলতাফনগর সড়ক বেহাল। ছবিটি গত বৃহস্পতিবার তালোড়া বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া-আলতাফনগর সড়ক বেহাল। ছবিটি গত বৃহস্পতিবার তালোড়া বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো

মেরামতের অভাবে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর-তালোড়া রাস্তাটির চার কিলোমিটারের পিচ ও খোয়া উঠে গেছে। খানাখন্দে ভরা রাস্তাটির দুই পাশের মাটিও সরে গেছে। এ কারণে ভোগান্তির শিকার হচ্ছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

এলাকার লোকজন বলেন, ওই চার কিলোমিটার বেহালের কারণে রাস্তাটি দিয়ে আর ভারী যানবাহন চলে না। সেগুলোবিকল্প পথে ২৫ কিলোমিটার বেশি ঘুরে চলাচল করে। রাস্তাটি দিয়ে হালকা যান চলাচলও কমে গেছে। তবু যে কটিও চলে,বর্ষায় রাস্তাটি আরও খারাপ হওয়ায় সেগুলো প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।

তালোড়া উপজেলার একটি গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র। এখানে কয়েকটি অ্যালুমিনিয়াম সামগ্রী তৈরির কারখানা, শতাধিক চাতাল, অটো রাইস মিল ও ময়দার কারখানা রয়েছে। এখান থেকে জেলা শহর ১৮ কিলোমিটারের পথ। আর দুপচাঁচিয়া উপজেলা সদরের দূরত্ব পাঁচ কিলোমিটার।

মিনি ট্রাকের চালক মিন্টু সরদার বলেন, ‘আলতাফনগর স্টেশন থেকে তালোড়া হয়ে বগুড়া জেলা শহর কিংবা দুপচাঁচিয়া সদরে মাল আনা–নেওয়া করতাম। এখন রাস্তাটিতে বড় বড় গর্ত হওয়ায় চলাচল করা যায় না। তাই আলতাফনগর থেকে চৌমহনী বাজার হয়ে ২৫ কিলোমিটার বেশি পথ ঘুরে যেতে হচ্ছে।’

গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, আলতাফনগর থেকে তালোড়ার দিকে প্রথম পাঁচ কিলোমিটার চলাচলের উপযোগী। এরপরই বেহাল রাস্তা শুরু। সড়কটির বালুকাপাড়া, ডেবখণ্ড, মেঘাসহ কয়েকটি স্থানে বড় বড় খানাখন্দ। সবচেয়ে বেশি খারাপ বেলতলা থেকে তালোড়া বাজার পর্যন্ত দুই কিলোমিটার।

ব্যাটারিচালিত ভ্যানচালক মেহেদী হাসান বলেন, ‘এ পথে প্রতিদিনই গাড়ি চালাইতাম। বৃষ্টির কারণে রাস্তার অবস্থা এত খারাপ যে কয়েক দিন আগে ভ্যান গর্তের মধ্যে পড়ে যায়। গর্ত থেকে তুলতে চার্জারের কন্ট্রোল বাক্স পুড়ে গেছে। ধারদেনা করে তা মেরামত করে এখন ওই রাস্তায় যাতায়াত বন্ধ করে দিয়েছি।’

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্রে জানা যায়, আলতাফনগর রেলস্টেশন থেকে তালোড়া বাজার পর্যন্ত সড়কটি ৯ কিলোমিটার। এর মধ্যে বালুকাপাড়া থেকে বেলতলা পর্যন্ত এলজিইডির। বেলতলা থেকে বাজার পর্যন্ত তালোড়া পৌরসভার। আট বছর ধরে রাস্তাটি সংস্কার করা হয় না।

জানতে চাইলে তালোড়া পৌরসভার মেয়র আবদুল জলিল বলেন, ‘রাস্তাটি মেরামতের জন্য উপজেলা প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। তারা তালোড়া পৌরসভার মধ্যে পড়া দেড় কিলোমিটার অংশে কাজ করবে না। এখন পৌরসভার তেমন কোনো অর্থ নেই যে এ মুহূর্তে এত বড় কাজ করব। তবে টাকা পেলে রাস্তাটির পৌরসভার অংশ মেরামত করা হবে।’

উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সুলতানুর রেজা প্রথম আলোকে বলেন, রাস্তাটি মেরামতের জন্য মাপজোখ করা হয়েছে। বরাদ্দের জন্য চাহিদা পাঠানোর কাজ চলছে। নতুন অর্থবছরে বরাদ্দের জন্য টাকা এলে মেরামতের কাজ করা হবে।