চার কিশোরের হাতে ৫৬ যাত্রীর প্রাণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ১৩ কি ১৪। এমন চার কিশোরের হাতেই লেগুনার স্টিয়ারিং। এই চারটি গাড়িতে গড়ে ১৪ জন করে ৫৬ যাত্রী আসা-যাওয়া করে থাকে। তা-ও আবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো ব্যস্ততম রাস্তায়। এই কিশোর চালকেরা মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড সদর থেকে চট্টগ্রাম নগরের অলংকার মোড় পর্যন্ত এবং সীতাকুণ্ড সদর থেকে বারৈয়ারহাট পর্যন্ত গাড়ি চালায়। অথচ এর মধ্যে বেশ কয়েকটা পুলিশ ফাঁড়ি, চেকপোস্ট এবং পুলিশ বক্স রয়েছে। রয়েছে টহল পুলিশও।

এসব তথ্য জানালেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভূঁইয়া। তিনি প্রথম আলোকে বলেন, আজ বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী ১৮টি লেগুনা ও চালকের লাইসেন্স দেখেন। এর মধ্যে ১৩-১৪ বছরের কিশোর ছিল চারজন। আরও ১০ জন চালকের বৈধ কোনো কাগজপত্র ছিল না। তাই মোট ১৪টি গাড়ি তিনি জব্দ করেন।

ইউএনও বলেন, এই কিশোর চালকদের বৈধ কোনো কাগজপত্র নেই। তারা মহাসড়কে বিশৃঙ্খলভাবে গাড়ি চালায়। গত মঙ্গলবার এক কিশোর চালক ইউএনওর কার্যালয়ের একটি সাইনবোর্ডের ওপর গাড়ি চালিয়ে দেয়। তিনি জানান, জব্দ করা গাড়িগুলোর মালিকদের ডেকেছেন তিনি। লাইসেন্স না থাকা চালকদের গাড়ি না দিতে প্রথমে মালিকদের কাছ থেকে মুচলেকা নেবেন। এরপর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।