চার কৃতীর বিজয়গাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না খেয়েই বিদ্যালয়ে যেতে হয়েছে। গৃহশিক্ষকের কাছে পড়ার সুযোগ হয়নি। ভ্যান চালিয়ে ও দিনমজুরি করে সংসার চালিয়েছে। পাশাপাশি নিজের উপার্জন করা টাকা দিয়ে লেখাপড়াও করেছে। এভাবে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ওরা। গৃহশিক্ষকতা করত আছিয়া: বগুড়ার শাহজাহানপুর উপজেলার ডোমনপুকুর গ্রামের জামাল হোসেন আকন্দের মেয়ে আছিয়া আক্তার ওরফে ডালিয়া। দিনমজুর জামাল হোসেন ও গৃহপরিচারিকা বকুল বেগমের মেয়ে ডালিয়া অন্যদের কাছ থেকে বই ধার এনে পড়েছে। লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য এক সময় গৃহশিক্ষকতাও শুরু করে। এবারের এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পায় মাঝিড়া উচ্চবিদ্যালয় থেকে। আছিয়া আক্তার বলে, ‘আমার স্বপ্ন লেখাপড়া করে ব্যাংক কর্মকর্তা হব। কিন্তু লেখাপড়ার খরচ চালানোর মতো অর্থ আমার বাবা-মায়ের নেই।’বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে চায় খাদিজা: অভাব ছিল নিত্যসঙ্গী। বাবা খেতমজুর। তাই বেশির ভাগ সময় না খেয়ে বিদ্যালয়ে যেতে হয়েছে খাদিজা আকতারকে। এ অবস্থায় লেখাপড়া করার সুযোগ ছিল না ওর। কিন্তু ওর সামনে ছিল বড় বোন শারমিন আকতারের উজ্জ্বল দৃষ্টান্ত। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন শারমিন। তাঁকে দেখে শত কষ্ট সহ্য করেও এবার এসএসসি পরীক্ষায় খাদিজা বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়। সে একই উপজেলার বালিয়াডাঙ্গা মহোনপুর গ্রামের আবদুল হান্নানের মেয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, ‘অপুষ্টিজনিত নানা রোগে আক্রান্ত থাকার পরও খাদিজা নিয়মিত স্কুলে আসত ও লেখাপড়া করত।’ খাদিজা আকতার বলে, ‘লেখাপড়া করে আমি দরিদ্র বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে চাই।’কাজের ফাঁকে লেখাপড়া: কুমিল্লার দাউদকান্দি উপজেলার জামালকান্দি গ্রামে একটি টিনের দোচালা ঘর। চারপাশে ভাঙা ও পুরোনো টিন দিয়ে কোনোরকম বেড়া দেওয়া হয়েছে। বাবা সাদেক মিয়া দিনমজুরি করে সংসার চালাতেন। বেশ কিছুদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাই আগের মতো কাজ করতে পারেন না। এক বেলা খাবার জুটলে অন্য বেলা জুটত না। সংসারের অভাব দূর করতে তাই কৃষিশ্রমিক হিসেবে কাজ করত সে। ফাঁকে ফাঁকে নিয়মিত লেখাপড়া করে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সে। এই হার না মানা মেধাবী জুয়েল রানা দাউদকান্দি উপজেলার জামালকান্দি ওসমানিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্র। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন জানান, লেখাপড়া চালিয়ে যেতে পারলে ভবিষ্যতে ছেলেটি অনেক ভালো করবে। ভ্যান চালাত অন্তর: অভাবের সংসারে খরচ জোগাতে ভ্যান চালিয়েছে। কাজের ফাঁকে লেখাপড়া করে এসএসসি পরীক্ষায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস-লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে অন্তর আলী। এ সাফল্যে শিক্ষক ও সহপাঠীরা খুশি হলেও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন সে। উপজেলার পোলবাগুন্দা গ্রামের হাসিবুল ইসলামের ছেলে অন্তর। মা আমেনা খাতুন জানান, কাজের ফাঁকে মাঝেমধ্যে স্কুলে যেত অন্তর। শিক্ষকেরাও তাকে বিনে পয়সায় প্রাইভেট পড়াতেন। প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন মিলন রহমান, বগুড়া; আনোয়ার হোসেন, চাঁপাইনবাগঞ্জ; আবদুর রহমান, দাউদকান্দি (কুমিল্লা) ও শাহ আলম, চুয়াডাঙ্গা