
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সন্ত্রাসীদের হামলায় আহত মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধা (৭৫) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাড়ি শৈলকুপার কবিরপুর গ্রামে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রায় চার কোটি টাকার কাজের দরপত্র নিয়ে বিরোধে তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
মুক্তার আহমেদের স্ত্রী হোসনে আরা মৃধা গতকাল মঙ্গলবার বলেন, শনিবার মুক্তার আহমেদকে দ্বিতীয় দফায় ঢাকায় নেওয়া হয়েছে। তিনি মাঝেমধ্যেই বমি করছেন। এ কারণে তাঁরা ভয়ে রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর স্বামীর ডান হাতের অবস্থা খারাপ। সেখানে আরেকটি অস্ত্রোপচার করতে হবে।
ছেলে সুমন মৃধা বলেন, তাঁর বাবা এক আত্মীয়ের ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রায় চার কোটি টাকার কাজের দরপত্রে অংশ নেন। গত ১৭ অক্টোবর তিনি দরপত্র দাখিল করেন। এতে আওয়ামী লীগের একটি চক্র ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা করে। এ ঘটনায় তিনি ১৯ অক্টোবর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম মোল্লাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা জামিনে মুক্তি পেয়ে তাঁকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। তিনি নিরাপত্তার অভাবে পালিয়ে বেড়াচ্ছেন।
সুমন মৃধা আরও জানান, তাঁর বাবা জেলা আওয়ামী লীগের সদস্য ও শৈলকুপার আবাইপুর ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি সন্ধ্যায় প্রায়ই কবিরপুর শহরের জাকির মেডিকেলে বসতেন। ১৮ অক্টোবর সন্ধ্যায় তিনি সেখানে বসে ছিলেন। আনুমানিক সাতটার দিকে সন্ত্রাসীরা তাঁর বাবার ওপর আক্রমণ করে। এ সময় ভাই গোলাম মুরশিদ মৃধা সন্ত্রাসীদের বাধা দিতে গেলে তাঁকেও পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। বাবার ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করা হয়েছে। ভাইয়ের দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তিনিও ঢাকা থেকে চিকিৎসা নিয়েছেন।
গত সোমবার ওই ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
গতকাল শৈলকুপায় গিয়ে থমথমে অবস্থা দেখা যায়। বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিল না। তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, মুক্তার আহমেদ মৃধার মতো মুক্তিযোদ্ধা ও একজন প্রবীণ নেতাকে যেভাবে পেটানো হয়েছে, তা দুঃখজনক। তাঁরা এই হামলার বিচার আশা করেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম মোল্লা গতকাল মুঠোফোনে বলেন, ওই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। ভিডিওচিত্র দেখে যাঁরা জড়িত তাঁদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া আসামিরা আদালত থেকে জামিন নিয়েছেন।