চার কোটি টাকার পোরশে উদ্ধারের বিষয়ে তদন্ত কমিটি
হাতিরঝিলে ফেলে যাওয়া বিলাসবহুল পোরশে গাড়ি উদ্ধারের বিষয়ে অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
গতকাল বুধবার অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, উপপরিচালক এইচ এম শরিফুল হাসানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তা মো. বোরহান উদ্দীন, সহকারী রাজস্ব কর্মকর্তা বিজয় কুমার রায়। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গত সোমবার হাতিরঝিল এলাকা থেকে জার্মানির তৈরি পোরশে মডেলের একটি গাড়ি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক কর্মকর্তারা বলেন, শুল্কসহ গাড়িটির মূল্য প্রায় চার কোটি টাকা। একটি চিঠি লিখে মূল্যবান গাড়িটি ফেলে রাখা হয়। চিঠিতে গাড়িটির মালিকের নাম-ঠিকানা কিছুই উল্লেখ ছিল না। চিঠিতে গাড়ির মালিক লিখেছেন, তিনি পরিচয় গোপন রেখে মানসম্মান রক্ষার্থে গাড়িটি পরিত্যাগ করে যাচ্ছেন। এটি শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা হয়েছিল।
তদন্ত কমিটিকে গাড়ির প্রকৃত মালিক ও ব্যবহারকারীকে শনাক্ত করতে বলা হয়েছে। একই সঙ্গে সংঘটিত অপরাধের ধরন ও মাত্রা নির্ধারণ করে সুপারিশ প্রণয়ন করতে বলা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গাড়ির ইঞ্জিন নম্বর যাচাই করে তাঁরা জানতে পেরেছেন, ফরিদা রশিদ নামের ইংল্যান্ডপ্রবাসী এক নারী ২০১০ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে এই গাড়ি বাংলাদেশে নিয়ে আসেন।
কারনেট সুবিধার আওতায় কোনো বিদেশি চাইলে তাঁর নিজের গাড়ি নিয়ে বিনা শুল্কেই যেকোনো দেশে ঢুকতে পারেন। তবে ফিরে যাওয়ার সময় তা ফেরত নিয়ে যেতে হবে। সাধারণত, এক বছরের জন্য এই সুবিধা বহাল থাকে।