চার কোটি টাকা আত্মসাতের চেষ্টা, তদন্তে অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে জালিয়াতির মাধ্যমে সাধারণ বীমা করপোরেশনের প্রায় চার কোটি টাকা আত্মসাতের চেষ্টার রহস্য এখনো অন্ধকারেই রয়ে গেছে। সরাসরি জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করলেও মূল হোতাদের চিহ্নিত করতে পারেনি পুলিশ।সাভার থানা পুলিশের বিবরণ অনুযায়ী, সাধারণ বীমা করপোরেশনের উপমহাব্যবস্থাক (ডিজিএম) এবং সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পরিচয়ে রফিকুল ইসলাম ও আবুল হাসনাত নামের দুই প্রতারক গত ১৯ জুলাই সোনালী ব্যাংক আমিনবাজার শাখায় একটি চলতি হিসাব খোলেন। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (অর্থ) আলফাজ উদ্দিন আহাম্মেদের জাল স্বাক্ষরসংবলিত একটি পত্রের মাধ্যমে সাধারণ বীমা করপোরেশনের নামে খোলা ওই হিসাবটি পরিচালনার দায়িত্ব নেন রফিকুল ইসলাম ও আবুল হাসনাত নামের দুই প্রতারক।সোনালী ব্যাংক আমিনবাজার শাখা সূত্র জানায়, প্রতারকেরা হিসাব খোলার দুই দিন পর গত ২২ জুলাই সাধারণ বীমা করপোরেশনের নামে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্তৃপক্ষের দেওয়া সাধারণ বীমার তিন কোটি ৬৬ লাখ ৮৫ হাজার টাকার দুটি চেক সোনালী ব্যাংক আমিনবাজার শাখায় জমা দেন। চেক দুটি সোনালী ব্যাংক রাজধানীর রূপসী বাংলা শাখা থেকে দেওয়া হয়েছিল। চেক জমা হওয়ার পর আবদুল আওয়াল নামের এক ব্যক্তি গত ২৫ জুলাই রফিকুল ইসলাম ও আবুল হাসনাতের পক্ষে চার লাখ টাকা তুলে নেন। আরও ৫০ লাখ টাকার চেক নিয়ে আওয়াল গত রোববার ওই ব্যাংকে গেলে কর্তৃপক্ষের সন্দেহ হয়। তখন তাঁকে আটক করে সাভার থানা পুলিশে সোপর্দ করা হয়।এ ঘটনায় সোনালী ব্যাংক আমিনবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শাহবীর সাভার থানায় মামলা করেন। প্রতারণায় জড়িত থাকার অভিযোগে নেপেলো চাকমা নামে আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু ঘটনার মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। কারা ওই দুটি চেক প্রতারকদের হাতে তুলে দিয়েছিলেন পুলিশ সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি। ঢাকা জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একজন কর্মকর্তা বলেন, বিটিসিএলের যে কর্মকর্তা চেক দুটি সাধারণ বীমা করপোরেশনের কাছে হস্তান্তর করেছেন আর সাধারণ বীমার যে কর্মকর্তা চেক দুটি গ্রহণ করেছেন সেই দুই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করলেই জালিয়াতির রহস্য উন্মোচিত হবে। মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম মোল্লা বলেন, চেক প্রদান ও চেক গ্রহণের সঙ্গে যুক্ত উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়েই রহস্যের কিনারা হবে। সাধারণ বীমা করপোরেশনের জিএম (অর্থ) আলফাজ উদ্দিন আহাম্মেদের বরাত দিয়ে সোনালী ব্যাংক আমিনবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শাহবীর বলেন, চেক দুটি কীভাবে প্রতারকদের হাতে গেল সে ব্যাপারে সাধারণ বীমা করপোরেশন নিশ্চিত করে কোনো তথ্য দিচ্ছে না। আত্মসাৎ -প্রক্রিয়ায় সাধারণ বীমা করপোরেশনের কর্মকর্তারাই জড়িত বলে আবদুল আওয়াল অভিযোগ করেন। এ ব্যাপারে কথা বলার জন্য জিএম আলফাজ উদ্দিন আহাম্মেদের মুঠোফোন ও বাসার ল্যান্ডফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।