চার কোটি টাকা আত্মসাতের চেষ্টা প্রতারক চক্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক সাভারের আমিনবাজার শাখায় হিসাব খুলে একটি চক্র সাধারণ বীমা করপোরেশনের চার লাখ টাকা আত্মসাৎ করেছে। আরও প্রায় চার কোটি টাকা আত্মসাতের চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।সাভার থানার পুলিশ ও সোনালী ব্যাংক আমিনবাজার শাখা সূত্রের বিবরণ অনুযায়ী, ১৯ জুলাই রফিকুল ইসলাম সাধারণ বীমা করপোরেশনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এবং আবুল হাসনাত সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পরিচয় দিয়ে সাধারণ বীমা করপোরেশনের নামে সোনালী ব্যাংক আমিনবাজার শাখায় একটি চলতি হিসাব খোলেন। তখন এ দুই কর্মকর্তার নামে হিসাবটি পরিচালনা করার অনুরোধ জানিয়ে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (অর্থ) আহাম্মেদ আলফাজের একটি পত্রও জমা দেওয়া হয়।সোনালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, হিসাব খোলার দুই দিন পর (২২ জুলাই) ওই দুই ব্যক্তি সাধারণ বীমা করপোরেশনের নামে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্তৃপক্ষের দেওয়া বিমার তিন কোটি ৬৬ লাখ ৮৫ হাজার টাকার দুটি চেক আমিনবাজার শাখায় জমা করেন। চেক দুটি ছিল সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার। চেক জমা হওয়ার পর আবদুল আওয়াল নামের এক ব্যক্তি ২৫ জুলাই প্রতারক রফিকুল ইসলাম ও আবুল হাসনাতের স্বাক্ষর করা চেকের মাধ্যমে চার লাখ টাকা উত্তোলন করে নেন। গতকাল রোববার আরও ৫০ লাখ টাকার চেক নিয়ে আবদুল আওয়াল ব্যাংকে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।সোনালী ব্যাংক আমিনবাজার শাখার ব্যবস্থাপক মো. শাহবির জানান, হিসাব খোলার পর ২২ জুলাই ব্যাংকের পক্ষ থেকে সাধারণ বীমা করপোরেশনকে ধন্যবাদ পত্র দেওয়া হয়। ওই পত্রের কোনো উত্তর না আসায় তাঁদের সন্দেহ হয়। এরপর তিনি নিজে সাধারণ বীমার প্রধান কার্যালয়ে যোগাযোগ করে ভুয়া হিসাব খোলার বিষয়টি নিশ্চিত হন। এ পরিপ্রেক্ষিতে আওয়ালকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে তিনি সাভার থানায় লিখিত অভিযোগ করেছেন।সাভার থানার উপপরিদর্শক (এসআই) বলেন, চেক দুটি কীভাবে প্রতারক চক্রের হাতে গেল এবং এর সঙ্গে বিটিসিএল ও সাধারণ বীমা করপোরেশনের কোনো কর্মকর্তা জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।সাধারণ বীমার মহাব্যবস্থাপক (অর্থ) আহাম্মেদ আলফাজের বরাত দিয়ে ব্যবস্থাপক মো. শাহবির জানান, রফিকুল ইসলাম ও আবুল হাসনাত নামের কোনো কর্মকর্তা তাঁদের প্রতিষ্ঠানে নেই। তাঁরা সোনালী ব্যাংকের আমিনবাজার শাখায় কোনো হিসাব খোলেননি বা এ জন্য পত্রও পাঠাননি।থানাহাজতে আবদুল আওয়াল প্রথম আলোর কাছে স্বীকার করেন, প্রতারণার মাধ্যমে এভাবে তাঁরা আগেও অনেক অর্থ আত্মসাৎ করেছেন। রফিকুল ও হাসনাতই এর হোতা। তিনি তাঁদের সহযোগিতা করেন মাত্র।