চার কোটি টাকার জেটি দিয়ে নামছে গবাদিপশু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপ্রশস্ত সংযোগ সড়কের কারণে টেকনাফের শাহপরীর দ্বীপে প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটক জেটি ব্যবহার করা যাচ্ছে না। প্রায় সাড়ে চার বছর আগে কাজ শেষ হলেও ওই জেটি দিয়ে এখন মিয়ানমার থেকে আমদানি করা গবাদিপশু নামানোর কাজ চলছে।কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, উপজেলার দমদমিয়া থেকে সেন্ট মার্টিন দ্বীপের দূরত্ব ৩৪ কিলোমিটার। আর শাহপরীর দ্বীপে নির্মিত জেটি থেকে সমুদ্রপথে সেন্ট মার্টিনের দূরত্ব ১৩ কিলোমিটার। অবস্থানগত কারণে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী অর্ধশতাধিক ট্রলার ও জাহাজের চলাচলের সুবিধায় শাহপরীর দ্বীপে ওই পর্যটক জেটি নির্মাণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় চার কোটি টাকা ব্যয়ে ৫০০ মিটার দীর্ঘ ও তিন দশমিক ৬০ মিটার প্রস্থ এ জেটি নির্মাণ করে। নির্মাণকাজ শেষ হয় ২০০৫ সালের অক্টোবরে। কিন্তু শাহপরীর দ্বীপের জেটি থেকে টেকনাফের সংযোগ সড়কটি অপ্রশস্ত হওয়ায় বিলাসবহুল বাস চলাচল করতে পারে না। ফলে দমদমিয়া এলাকায় বাঁশ ও কাঠ দিয়ে তৈরি সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে জাহাজে ওঠানামা করছে পর্যটক ও সাধারণ মানুষ। ফলে মাঝেমধ্যেই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি জাহাজে ওঠার সময় ওই সাঁকো থেকে পড়ে টাঙ্গাইলের বাসমালিক সমিতির সভাপতি নূরুজ্জামানের মৃত্যু হয়। পৃথক দুর্ঘটনায় ঢাকার মিরপুরের হাবিব নবী ও আজিম নামের দুই পর্যটক আহত হন।একটি সূত্র জানায়, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগসাজশ করে জাহাজ ও ট্রলারের মালিকেরা দমদমিয়ায় ওই সাঁকো তৈরি করে যাত্রী ও পর্যটকদের জাহাজে ওঠানো-নামানো করাচ্ছে। এ ব্যাপারে জাহাজ এলসিডি কুতুবদিয়ার ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ও দমদমিয়া ঘাট পরিচালনাকারী দিদার হোসেন বলেন, ‘অপ্রশস্ত সড়কের কারণেই এটা করতে হচ্ছে। সড়ক প্রশস্ত করে নির্দেশ দেওয়া হলেই আমরা শাহপরীর দ্বীপে নির্মিত জেটি ব্যবহার শুরু করব।’ শাহপরীর দ্বীপের জেটির ইজারাদার নূরুল হক বলেন, জেটি বর্তমানে মিয়ানমার থেকে আমদানি করা গবাদিপশু নামানোর কাজে ব্যবহার করা হচ্ছে।সড়ক ও জনপথ বিভাগের টেকনাফ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবদুল মোতালেব জানান, টেকনাফ থেকে শাহপরীর দ্বীপের দূরত্ব ১৩ দশমিক ৭০ কিলোমিটার। সড়কটির উন্নয়ন ও প্রস্থ ১২ থেকে বাড়িয়ে ১৮ ফুট করতে একটি প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমেদ জানান, টেকনাফ থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত সড়কটি অপ্রশস্ত হওয়ায় জেটি চালু করা যাচ্ছে না। সড়ক প্রশস্ত করতে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কাজ শেষ হলে ওই জেটি চালু করা হবে।