চার কোটি টাকার দরপত্রে সমঝোতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তিনটি উপজেলায় চার কোটি টাকা ব্যয়ে ২০টি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণকাজের দরপত্র সমদরে (প্রাক্কলিত ব্যয়) সমঝোতা করে ভাগবাটোয়ারা করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে এসব কাজের অনুমোদন এখনো দেওয়া হয়নি। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় এসব কাজের ঠিকাদার নির্বাচন করে চূড়ান্ত অনুমোদনের জন্য এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তরে পাঠিয়ে দিয়েছেন। সমদরে এসব কাজ দেওয়া হলে সরকারের অন্তত এক কোটি টাকা লোকসান হবে বলে একাধিক ঠিকাদার আশঙ্কা করেছেন। সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা গেছে, এলজিইডি দেবীগঞ্জ উপজেলায় দুই কোটি টাকা ব্যয়ে ১১টি প্রাথমিক বিদ্যালয় ভবন, বোদা উপজেলায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে চারটি প্রাথমিক বিদ্যালয় ভবন ও তেঁতুলিয়া উপজেলায় এক কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। দেবীগঞ্জ উপজেলার কাজগুলোর দরপত্র দাখিলের শেষ সময় ছিল ১০ নভেম্বর, বোদা উপজেলায় ১৬ নভেম্বর ও তেঁতুলিয়া উপজেলায় ১৭ নভেম্বর।জানা গেছে, দেবীগঞ্জ উপজেলার প্রায় ২০০ দরপত্র বিক্রি হলেও ১১টি গ্রুপে জমা পড়েছে মাত্র ৩৩টি দরপত্র। ঠিকাদারদের সূত্রে জানা গেছে, সমঝোতার কারণে নিয়ম রক্ষার জন্য প্রতিটি গ্রুপে তিনটি করে দরপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে একটি দরপত্র সমদরে, অন্য দুটি দরপত্র (প্রাক্কলিত দরের চেয়ে বেশি) উচ্চ দরে দাখিল হয়েছে। ফলে সমদরে দরপত্র দাখিলকারী কাজটি পেয়ে যাবে। একই অবস্থা বোদা ও তেঁতুলিয়া উপজেলায়।বোদা উপজেলায় শতাধিক দরপত্র বিক্রি হলেও চারটি গ্রুপে জমা পড়েছে ১২টি ও তেঁতুলিয়া উপজেলায় ৬৪টি দরপত্র বিক্রি হলেও পাঁচটি গ্রুপে জমা পড়েছে ১৫টি। সব ক্ষেত্রে নিয়ম রক্ষার জন্য একটি কাজের বিপরীতে তিনটি দরপত্র ফেলা হয়েছে। এর মধ্যে একটি সমদর ও অন্য দুটি বেশি দরে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার অভিযোগ করেন, কোনো বিদ্যালয় ভবন নির্মাণের প্রাক্কলিত ব্যয় ২৩ লাখ ৬৮ হাজার টাকা ও কোনো বিদ্যালয় ভবন নির্মাণের প্রাক্কলিত ব্যয় ১৯ লাখ টাকা। ঠিকাদারেরা প্রতিযোগিতায় অংশ নিলে ২৫ শতাংশ পর্যন্ত কম দরে দরপত্র দাখিল করতেন। এতে প্রতিটি কাজে সাড়ে তিন লাখ টাকা কমে দরপত্র দাখিল হতো। জেলার অন্য উপজেলা আটোয়ারীতে একই ধরনের কাজের জন্য সর্বোচ্চ ৩২ শতাংশ (প্রাক্কলিত দরের চেয়ে কম) কম দরে দরপত্র জমা পড়েছে। এসব অভিযোগের ব্যাপারে দেবীগঞ্জ, বোদা ও তেঁতুলিয়ার উপজেলা প্রকৌশলীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। এ ক্ষেত্রে দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম ও বোদা উপজেলা প্রকৌশলী মো. শফিয়ার রহমান বলেন, সমঝোতা হয়েছে কি না বলতে পারব না। তবে সমদরে ও উচ্চ দরে দরপত্র জমা পড়েছে। স্বাভাবিকভাবে সমদরের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তরে সুপারিশ পাঠানো হয়েছে। অনুমোদন এলে কার্যাদেশ দেওয়া হবে। তেঁতুলিয়া উপজেলা প্রকৌশলী মামুনুর রশীদকে কার্যালয়ের টেলিফোন ও তাঁর মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।এ বিষয়ে কথা বলতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. লোকমান হাকিমকে একাধিকবার ফোন করা হলে তাঁর ব্যক্তিগত সহকারী কখনো বলেন, স্যার মিটিংয়ে আছেন, কখনো বলেন, স্যার সচিবালয়ে আছেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সহকারী প্রকৌশলী মাসুদুর রহমান এ বিষয়ে কথা বলতে রাজি হননি।