চার কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া
মৌলভীবাজার পৌরসভার কাছে গত তিন বছরে প্রায় চার কোটি টাকার বিল পাওনা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো)। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও পৌরসভা কর্তৃপক্ষ বকেয়া বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বিউবো।
বিউবো মৌলভীবাজার বিতরণ বিভাগের কর্মকর্তারা বলেন, মৌলভীবাজার পৌরসভার কার্যালয়, পানি সরবরাহ শাখা, সড়কবাতির সংযোগসহ ৩২টি গ্রাহক হিসাব আছে পৌর কর্তৃপক্ষের নামে। এসব হিসাবের বিপরীতে পৌরসভার কাছে মে ২০১৫ পর্যন্ত ৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ৯৫৩ টাকা বিদ্যুৎ বিল বাকি পড়েছে।
সর্বশেষ গত ১৭ জুন বিউবো মৌলভীবাজার বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী পৌরসভার মেয়রকে বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ের জন্য একটি চিঠি দিয়েছেন। এই বিল পরিশোধের জন্য বিউবো মৌলভীবাজার বিতরণ বিভাগ থেকে পৌর কর্তৃপক্ষকে বারবার তাগাদা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও বিল পরিশোধ করা হয়নি।
বিতরণ বিভাগের কর্মকর্তারা অভিযোগ করেন, পৌরসভার নিয়ন্ত্রণাধীন পশ্চিমবাজারে অবস্থিত দোকান ইজারা দিয়ে বিল পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল পৌর কর্তৃপক্ষ। কিন্তু সে প্রতিশ্রুতি রাখা হয়নি। এখন বিদ্যুৎ বিল পরিশোধের ব্যাপারে বিউবোর সঙ্গে কোনো যোগাযোগও রাখা হচ্ছে না। তাই এই বকেয়া আদায় হবে কি না, এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
বিউবো মৌলভীবাজার বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ ফিরোজ কবীর গত রোববার বলেন, সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নিলেও জনগণের কথা ভেবে তা পিছিয়ে যাওয়া হয়েছে। ব্যাংকের মতো বিল আদায়েও বিদ্যুৎ বিভাগের বার্ষিক একটি লক্ষ্যমাত্রা থাকে। লক্ষ্যমাত্রা অনুযায়ী আদায় না হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মৌলভীবাজার পৌরসভার বকেয়া বিল আদায় না করা গেলে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে তাঁদের সতর্ক করা হয়েছে।
মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম গত রোববার বলেন, এত টাকা বকেয়া থাকার কথা ঠিক নয়। বিউবো সঠিক তথ্য দিচ্ছেন না। পাওনা এক কোটি টাকার মধ্যে হবে। এটা হয়তো সুদসহ হিসাব। পৌর কার্যালয়ের বিলসহ অর্ধেকের মতো হিসাব পরিশোধ করা আছে। ঈদ সামনে রেখে বাকিগুলো দিয়ে দেওয়া হবে। তবে বিউবোকে সুদ মওকুফ করতে হবে।
বিউবোর নির্বাহী প্রকৌশলী এ বিষয়ে বলেন, সর্বশেষ হিসাব অনুযায়ী সুদ ছাড়াই বিলের পাওনা প্রায় চার কোটি টাকা। গত তিন বছরে এই টাকা জমেছে। মাঝেমধ্যে পৌরসভা কার্যালয়ের বিল পরিশোধ করতে দেখা গেছে। তবে বিল না দিলে ঈদের আগে সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা নেওয়া হবে।