কক্সবাজার পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ দাঁড়িয়েছে তিন কোটি ৮০ লাখ ৮৩ হাজার ৩১২ টাকা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বকেয়া পরিশোধের জন্য গত দেড় বছরে পাঁচবার নোটিশ দিলেও পৌর কর্তৃপক্ষ বিল পরিশোধ করেনি। এ অবস্থায় ১৫ জুনের মধ্যে বকেয়া পরিশোধ না করলে পৌরসভার পানি সরবরাহের বিভিন্ন পাম্প, প্রধান সড়কসহ বিভিন্ন গলির বাতিতে সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নিচ্ছে পিডিবি।কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী বলেন, পর্যটন শহর কক্সবাজারে প্রায় দুই লাখ মানুষ এমনিতে খাওয়ার পানির তীব্র সংকটে ভুগছে। পৌরসভা পাম্প মেশিনের মাধ্যমে লাইনে পানি সরবরাহ দিয়ে নাগরিক দুর্ভোগ কিছুটা হলেও কমিয়েছে। এখন এই পানি সরবরাহও যদি বন্ধ হয়ে যায়, তাহলে পরিস্থিতি খুব খারাপ হবে। হাসপাতাল সড়কের স্কুলশিক্ষক মোর্শেদা আইভি বলেন, শহরের প্রধান সড়কসহ অলিগলির বৈদ্যুতিক বাতিগুলো যদি নিভে যায়, তাহলে কক্সবাজার ভুতুড়ে শহরে পরিণত হবে। তখন চুরি-ডাকাতি-ছিনতাই বেড়ে যাওয়ার পাশাপাশি নাগরিক দুর্ভোগ চরম পর্যায়ে চলে যাবে।পিডিবি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম জানান, জনদুর্ভোগের কথা ভেবে এত দিন বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। কিন্তু এখন আর পারা যাচ্ছে না। বকেয়া বিল আদায়ের স্বার্থে এবং উচ্চমহলের নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নিতে হচ্ছে।এ প্রসঙ্গে পৌরসভার মেয়র সরওয়ার কামাল জানান, পিডিবির বিল নিয়ে নানা অভিযোগ আছে। বেশির ভাগ বিলে অতিরিক্ত টাকা ধরা হয়েছে। বিল সংশোধনের জন্য অনুরোধ জানানো হয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমে বকেয়া বিল সংশোধন করে পরিশোধের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ১৫ জুনের মধ্যে বকেয়া পরিশোধ সম্ভব নাও হতে পারে। কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করলে করার কিছু নেই। এতে নাগরিকদের দুর্ভোগ পোহাতে হবে।