চার কোটি টাকার সেতু পড়ে আছে তিন বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর আগে সেতুটির নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু জমি নিয়ে বিরোধের কারণে সংযোগসড়ক নির্মাণ করতে না পারায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু চালু করা যাচ্ছে না।শৈলকুপা শহরের ওপর দিয়ে বয়ে গেছে কুমার নদ। নদের দুই প্রান্তে শহর গড়ে উঠেছে। নদের দুই প্রান্তের মধ্যে সংযোগের জন্য শৈলকুপা বাজারের পাশে রয়েছে কবিরপুর সেতু। শৈলকুপা বাজারের জায়গা কম হওয়ায় অধিকাংশ পণ্য কেনাবেচা হয় রাস্তার ওপর। এতে শহরে যানজট লেগেই থাকে।যানজট নিরসনে দূরপাল্লার গাড়িগুলো শহরের বাইরে দিয়ে চলাচলের ব্যবস্থা করতে ২০০৬-০৭ অর্থবছরে কবিরপুর সেতুর প্রায় আধা কিলোমিটার পূর্বে ফাজিলপুরে প্রায় চার কোটি টাকা ব্যয়ে ১৫০ দশমিক ১০ মিটার দীর্ঘ আরেকটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি কর্তৃপক্ষ। ২০০৮ সালে সেতুর নির্মাণকাজ শেষ হয়। কিন্তু আজও সেতুটি চালু করা সম্ভব হয়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সেতুর পূর্ব প্রান্তে রয়েছে ব্যক্তিমালিকানাধীন জমি। ফাজিলপুর গ্রামের শফিউল হক খান এই জমির মালিক। তিনি ২০০৮ সালে তাঁর ১০ শতক জমির ক্ষতিপূরণ চেয়ে ঝিনাইদহ জেলা জজ আদালতে মামলা করেন। মামলায় ঝিনাইদহের জেলা প্রশাসক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারকে বিবাদী করা হয়েছে। মামলা দায়েরের পর আদালত রাস্তা নির্মাণে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া বা জমি অধিগ্রহণ না হওয়া পর্যন্ত সংযোগ সড়কের কাজ করা যাবে না মর্মে আদেশ দেন। এ কারণে সেতুটি চালু করা যাচ্ছে না।মামলার বাদী শফিকুল হক খান বলেন, ‘সেতুটি নির্মাণ ও সংযোগসড়কের কারণে আমার ১০ শতাংশ জমি ক্ষতি হয়েছে। এ জন্য ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছি।’সেতুটি নির্মাণকাজের তত্ত্বাবধানকারী শৈলকুপা উপজেলা এলজিইডি কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী কমল কৃষ্ণ বলেন, মামলাটি নিষ্পত্তি হলে ওই পাশের সংযোগ সড়কও নির্মাণ করা হবে। তিনি বলেন, ‘সেতু নির্মাণের সময় কোনো পাশেই জমি অধিগ্রহণ করা হয়নি। আমরা ভেবেছিলাম যে দুই প্রান্তেই সরকারি জমি পড়েছে। এখন মামলা নিষ্পত্তির পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।