চার কোটি বছর আগে বাংলাদেশ ভূখণ্ডের সৃষ্টি
একদম উঁচুতে হিমালয় আর নিচে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বাংলাদেশ। এই সবকিছুই একসময় সাগরের নিচে ছিল। প্রায় পাঁচ কোটি বছর আগে থেকে এখানে সমুদ্রের পলি জমে জমে ভূমি গড়ে উঠেছে। পলি পড়ে উঁচু হতে হতে তা একসময় হিমালয়ের মতো পর্বতমালারও সৃষ্টি করে। আর বাংলাদেশ নামের ভূখণ্ডটি গড়ে উঠতে শুরু করে প্রায় চার কোটি বছর আগে।গতকাল শুক্রবার বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কার্যালয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ধরিত্রীবিদ্যা বিভাগের অধ্যাপক নাইজেল সি হিংগস তাঁর একক বক্তৃতায় এ তথ্য দেন। তিনি বলেন, বাংলাদেশ-ভারতসহ এই অঞ্চলের দেশগুলোর মাটির বয়স ও বিভিন্ন সময়ে পাওয়া ফসিলের বয়স নির্ধারণ করে এই অঞ্চলের গড়ে ওঠার সময়কাল জানা গেছে।বক্তৃতায় অধ্যাপক নাইজেল সি হিংগস বলেন, হিমালয়ের হিমবাহ জমে এবং পরে তা গলে গিয়ে সৃষ্ট ধারা থেকে এই অঞ্চলের বেশির ভাগ নদীর জন্ম। ওই মিষ্টি পানির প্রবাহের ফলে এখানে গড়ে উঠেছে বনভূমি আর বসতি।পরিবেশবিষয়ক সংগঠন বাপা ও বিজ্ঞানবিষয়ক সংগঠন অনুসন্ধিৎসু চক্র যৌথভাবে এই বক্তৃতার আয়োজন করে। বক্তৃতা শেষে অধ্যাপক নাইজেল উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি দক্ষিণ এশিয়ার ভূমি এখনো গঠিত হচ্ছে উল্লেখ করে বলেন, বাঁধসহ বিভিন্ন অবকাঠামোর কারণে এখানকার নদীপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে ভূমির গঠন ও নদীপ্রবাহের স্বাভাবিক প্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে।সভায় বাপার যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা, জাকির হোসেন ও অনুসন্ধিৎসু চক্রের সভাপতি আমানুল ইসলামসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।