চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার দুই দফায় ৮৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য চার কোটি ২০ লাখ টাকা।
বিমানবন্দর সূত্র জানায়, গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে এক যাত্রীর হাঁটুর নিচে কাপড় দিয়ে মোড়ানো ২৪টি সোনার বার জব্দ করা হয়েছে।
তবে আটক যাত্রী কৌশলে পালিয়েছেন বিমানবন্দর থেকে। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা। সোনার বারের ওজন দুই কেজি ৮০০ গ্রাম।
বিমানবন্দর সূত্র জানায়, সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ (ফ্লাইট নম্বর বিজি ০৩৮) চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে গতকাল সাড়ে তিনটায়। উড়োজাহাজটি যাত্রীদের নামিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। যাত্রাবিরতিতে নিয়মিত তল্লাশির সময় যাত্রী মোহাম্মদ ইসমাইলের হাঁটুর নিচে কাপড় দিয়ে মোড়ানো এসব সোনার বার জব্দ করা হয়।
তাঁকে বিমান থেকে নামিয়ে শুল্ক কর্মকর্তাদের কক্ষে আটকে রাখা হয়। তবে পুলিশ ও বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের কাছে হস্তান্তরের আগে কৌশলে পালিয়ে যান যাত্রী মো. ইসমাইল। ইসমাইলের বাড়ি চট্টগ্রামের রাউজানে। এই যাত্রীর ঢাকায় নামার কথা ছিল।
কীভাবে পালিয়ে গেলেন জানতে চাইলে বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মশিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তাকর্মী ও পুলিশের কাছে হস্তান্তরের আগে বিমানবন্দরে শুল্ক বিভাগের কক্ষ থেকে সে পালিয়ে যায়। এ সময় আমরা নিয়মিত তল্লাশিতে ব্যস্ত ছিলাম। এ সুযোগ নিয়েছে সে। তবে তার পাসপোর্ট, ব্যাগ ও সোনার বার আটক আছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিয়মানুযায়ী উদ্ধার হওয়া স্বর্ণ পরীক্ষা করে বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দেওয়া হবে।’
এদিকে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় কাপড় ইস্ত্রি করার যন্ত্রের মধ্যে পাওয়া গেল প্রায় তিন কোটি টাকার ৬০টি সোনার বার। দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগে থাকা চারটি কাপড় ইস্ত্রির যন্ত্র থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ফ্লাই দুবাই এয়ারলাইনসের একটি উড়োজাহাজ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে সন্ধ্যা সাড়ে ছয়টায়। এ সময় বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে মো. সোহেল নামের এক যাত্রীর ব্যাগে থাকা চারটি ইস্ত্রি মেশিনের ভেতরে স্বর্ণ পাওয়া যায়।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর ই আলম ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে বলেন, ‘দুপুরে গোপন সংবাদে আমার কাছে খবর আসে সোহেল নামের একজন যাত্রীর একটি লাগেজে স্বর্ণ রয়েছে। বিষয়টি শুল্ক কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জানিয়ে রাখি। ওই যাত্রী একটি ব্যাগ নিয়ে বের হওয়ার চেষ্টা করে। এ সময় তার কাছে আর কোনো লাগেজ আছে কি না জিজ্ঞেস করলে কোনো লাগেজ নেই বলে সে জানায়। এরপর তাকে আলাদা করে রাখা হয়।’
তিনি বলেন, যাত্রীরা চলে যাওয়ার পর দুটি লাগেজ পড়ে থাকতে দেখা যায়। এ দুটি লাগেজ তাঁর বুকিং করা ছিল। নিশ্চিত হওয়ার পর স্ক্যানিং করে চারটি ইস্ত্রি মেশিন দেখা যায়। এ চারটি যন্ত্রের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। এরপর যন্ত্রগুলো খুলে ভেতরে প্রতিটির ভেতরে একটি লোহার বাক্স পাওয়া যায়। লেদ মেশিন দিয়ে চারটি বাক্স খুলে ৬০টি সোনার বার পাওয়া যায়।
শুল্ক কর্মকর্তারা জানান, আটক যাত্রী সোহেলের বিরুদ্ধে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া স্বর্ণ পরীক্ষা করে বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে।