চার খুঁটিওয়ালা ছাদের নিচে দেয়াল-দরজা-জানালা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় জলবায়ু ট্রাস্টের আওতায় নির্মিত চার খুঁটিওয়ালা ছাদের অবকাঠামোর মধ্যে দরজা-জানালা ও দেয়াল দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু ঘরের মালিকেরা বলছেন, ছোট্ট এই অবকাঠামোর মধ্যে দরজা-জানালা ও দেয়াল দেওয়া হলে সেখানে বসবাস করা যাবে না। এমনিতেই বেশির ভাগ অবকাঠামো পড়ে থেকে নষ্ট হচ্ছে।ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১১ সালে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ভোলায় দরিদ্র পরিবারের মধ্যে ৫৯৩টি ঘর করে দেওয়া হয়। যে ঘরে ছিল চারটি খুঁটি ও একটি ছাদ। ভোলা সদর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোজামেঞ্চল হক জানান, ঘরগুলোর নকশা করেছিল ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর। নকশা অনুযায়ী ঘরটির প্রস্থ ছিল ১০ ফুট ও র্দৈঘ্য ১৫ ফুট। চারটি পিলারের ওপর ছাদের দৈর্ঘ্য ছিল ১৭ ফুট ও প্রস্থ ১২ ফুট। কোনো দেয়াল, জানালা, দরজা করা হয়নি। কারণ নকশায় তা ছিল না। প্রতিটি ঘরের জন্য ব্যয় হয় এক লাখ ২০ হাজার টাকা।মো. মোজাম্মেল হক বলেন, সরকার যখন দেখল দরিদ্র জনগণ ঘরগুলো ব্যবহার করতে পারছেন না, তখন পুনরায় প্রতিটি ঘরের জন্য ৬৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। ১৬ এপ্রিল কার্যাদেশ দেওয়া হয়েছে। এ টাকায় একটি দরজা, দুটি জানালা ও দেয়াল নির্মাণ করা হবে।১৫ থেকে ১৭ এপ্রিল সরেজমিনে দেখা যায়, অধিকাংশ ঘর অব্যবহূত পড়ে আছে। ছাদ চুইয়ে পানি পড়ায় ভেতরের অংশে শ্যাওলা পড়েছে। অনেকাংশে ফাটল দেখা দিয়েছে। ছাদ যাতে ভেঙে না পড়ে সে জন্য অনেকে আলাদা পিলার সেঁটেছেন। আর যাঁরা ঘরটি ব্যবহার করছেন তাঁরা চারপাশে ঝুল বারান্দা, বাড়তি চাল দিয়ে বসবাস করছেন। সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামের আবদুল খালেক মৃধা ওই ঘরের চারপাশে খড়ের ছাউনি দিয়ে দেড় বছর ধরে বসবাস করছেন। তিনি জানান, বর্ষায় ছাদ দিয়ে পানি পড়ে। দেয়াল দিলে দম বন্ধ হয়ে মরতে হবে। দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চর পদ্মা গ্রামের আবদুল মান্নান ছাদের চারপাশে টিনের চাল দিয়ে ঘুরিয়ে বড় একটি ঘর তৈরি করেছেন। কারণ, তাঁর ঘরে সাতজন বসবাস করেন। দেয়াল ও দরজা-জানালার বিষয়টি জানার পর তিনি বলেন, ‘পাগলামি দেখছি, এরুম পাগলামি জীবনে দেহি নয়। আমগোরে বিল্ডিং দিবো কইয়্যা এট্টা সং খারা কইর‌্যা থুইছে, এক বছর বইয়্যা আছিলাম এই গরের আশায়, পরে দেহি বান বিষ্টি আইয়্যা পড়ছে, বেদিশা অইয়্যা আওলাত কইর‌্যা টিন কিন্না ওই সংয়ের চাইর পাশে ঘর খারা করছি।’