চার খুনের রহস্য উদ্ঘাটন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামের স্ত্রী, শ্যালকসহ চারজনকে হত্যার রহস্য উদ্ঘাটিত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। পুলিশের মতে, এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিনজনকে গত সোমবার রাতে আটক করার পর তাঁরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) অরুপ তরফদার জানান, গত ১৯ এপ্রিল পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী শামীমা ইসলাম, শামীমার ছোট ভাই রানা ইসলাম, বাড়ির দুই গৃহপরিচারিকা রেখা আক্তার ও মনি আক্তারকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরের দিন শামীমার ছোট ভাই মামুন মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। পরে চেয়ারম্যানের ছোট ভাই হাবিবুর রহমান ও চেয়ারম্যানের প্রথম স্ত্রীর ছেলে শাহাদাত ইসলাম, বাড়ির নৈশপ্রহরী আবদুস সাত্তার ও চেয়ারম্যানের দেহরক্ষী বাদশা মিয়াকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আবদুস সাত্তার ও বাদশা মিয়া বর্তমানে কারাগারে আটক রয়েছেন। চেয়ারম্যানের ছোট ভাই ও তাঁর ছেলে ছয় দিনের রিমান্ডে বর্তমানে সোনারগাঁ থানা হেফাজতে রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা অরুপ তরফদার আরও জানান, পুলিশ প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে, শামীমা ও রানা ইসলামের মুঠোফোন দুটি ব্যবহার করছেন শামীমার মামাতো ভাই রাজীব মিয়া। সোমবার রাতে প্রথমে রাজীব মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে তিনি খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জড়িত অন্য ব্যক্তিদের নাম বলেন। পুলিশের ভাষ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাজীব মিয়া জানান, তাঁকে চেয়ারম্যানের ছেলে শাহাদাত ইসলামের বন্ধু শামীম মিয়া ও আশরাফ এক লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে ভাড়া করে নিয়ে যান। তিনি প্রথমে শামীমাকে ফোন করে রাত ১০টায় বাসায় ঢোকেন। তারপর তিনি গভীর রাতে অন্যদের ঘরে ঢোকার সুযোগ করে দেন। খুনের সঙ্গে আটজন সরাসরি জড়িত। খুনিদের একটি দল ঘরের ভেতরে ঢুকে প্রথমে রানা ইসলামকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে। তারপর একইভাবে শামীমা ইসলামকে হত্যা করে। পরে খুনিদের চিনে ফেলার কারণে দুই গৃহপরিচারিকা রেখা আক্তার ও মনি আক্তারকে হত্যা করা হয়। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুজ্জামান, সহকারী পুলিশ সুপার উত্তম কুমার জানান, চাঞ্চল্যকর এ মামলার রহস্য উদ্ঘাটিত হয়েছে।