চার গুণের কাউন্সিলর প্রার্থী খুঁজছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিটি ওয়ার্ডে একক কাউন্সিলর প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় নেবে দলটি। ওয়ার্ডে তৃণমূল পর্যায়ের সব নেতা-কর্মীর কাছে গ্রহণযোগ্য, ভোটারদের আকৃষ্ট করতে পারেন এমন ব্যক্তিত্বসম্পন্ন, সামাজিক বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ব্যক্তিদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে আওয়ামী লীগ।


দলটির শীর্ষ পর্যায়ের দুজন নেতা জানিয়েছেন, আওয়ামী লীগ মনে করেছিল বিএনপি ডিসিসি নির্বাচনে আসবে না। এ কারণে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মীকে কাউন্সিলর প্রার্থী হতে উৎসাহিত করা হয়। কিন্তু বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করায়, আগের ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে দলটি। ওয়ার্ডে নিজেদের কাউন্সিলর রাখতে দলটি একক প্রার্থী দেবে। এর আগে সিটি করপোরেশন নির্বাচন অংশগ্রহণমূলক করতে দলের ‘সমর্থন’ উন্মুক্ত রেখেছিল আওয়ামী লীগ।

আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, ওয়ার্ডে কোন প্রার্থীর গ্রহণযোগ্যতা কেমন সেটা নির্ধারণ করতে এসবি, ডিজিএফআই ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ দল কাজ করছে। তাদের প্রতিবেদন যাচাই-বাছাই এবং তৃণমূল নেতা-কর্মীদের মতামত নিয়ে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ। আর প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে উপরোক্ত চারটি বিষয় বিবেচনায় রাখা হবে। ৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের আগেই দল সমর্থিত প্রার্থী কে, তা জানিয়ে দেওয়া হবে। দলের সিদ্ধান্তের বাইরে যাঁরা প্রার্থী হবেন তাঁদের প্রথমে মৌখিকভাবে সতর্ক করা হবে। এতে কাজ না হলে সাংগঠনিক ব্যবস্থা নেবে ক্ষমতাসীন দলটি।

জানতে চাইলে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এম এ আজিজ প্রথম আলোকে বলেন, ‘যিনি ওয়ার্ডে গ্রহণযোগ্য, যার কথায় ভোটার আকৃষ্ট হবে, যিনি সামাজিক বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী তাঁকেই দল থেকে সমর্থন দেওয়া হবে।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এ কে এম রহমতুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এসবি, ডিজিএফআই ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ টিম কাজ করছে। তাদের প্রতিবেদন ও তৃণমূল নেতা-কর্মীদের সুপারিশ নিয়ে প্রার্থী চূড়ান্ত করা হবে।’


২৮ মার্চের পর সিদ্ধান্ত

ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তর ও দক্ষিণের মেয়র প্রার্থী সমর্থন দেওয়ার ব্যাপারে ২৮ মার্চের পর সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সিটি নির্বাচনে মেয়র পদে এখনো কাউকে চূড়ান্তভাবে আওয়ামী লীগের সমর্থন দেওয়া হয়নি। ২৮ মার্চের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চূড়ান্ত প্রার্থী সমর্থন দেবেন। তিনি (শেখ হাসিনা) সমর্থন দেবেন, আমরা কাজ করব। এখানে কোনো ফাঁক-ফোকর নেই। আমরা যাঁদের কাউন্সিলর পদে নির্বাচনের সমর্থন দেব, তাঁরা নিজের ভোট চাওয়ার আগে মেয়রের ভোট চাইবেন। নেত্রীর সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচন করলে তাঁর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না।’

সভায় খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত মেয়র পদে কাউকে সমর্থন দেওয়া হয়নি। কেউ যদি দলের বাইরে নির্বাচন করেন সেটি তাঁর ব্যক্তিগত ব্যাপার। দলের সিদ্ধান্ত হবে ২৮ মার্চের পর।’ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির শর্তকে কূটকৌশল বলে মনে করেন তিনি।

জানা গেছে, আজ-কালের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাদের গণভবনে ডাকবেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে হাজি সেলিম না সাঈদ খোকনকে আওয়ামী লীগ সমর্থন করবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ২৬ ও ২৭ মার্চ আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের কর্মসূচি থাকায় ২৮ মার্চ রাতে নগর নেতাদের ডাকতে পারেন প্রধানমন্ত্রী।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ বলেছেন, তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠক করবেন। তবে দিন-তারিখ ঠিক হয়নি।