চার গ্রাম রক্ষায় স্বেচ্ছাশ্রমে প্রতিরক্ষা বাঁধ মেরামত

ঈদের ছুটিতে গ্রামে এসে চাকরিজীবী, কলেজপড়ুয়াসহ গ্রামবাসী মিলে স্বেচ্ছাশ্রমে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই প্রতিরক্ষা বাঁধ মেরামত করেছেন। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদের পানি বেড়ে উপজেলার আদমপুর ইউনিয়নের দক্ষিণ তিলকপুর গ্রাম এলাকায় ধলাই প্রতিরক্ষা বাঁধ ভেঙে চার গ্রাম তলিয়ে যায়। সরকারিভাবে বাঁধটি মেরামতের না করায় তাঁরা এ উদ্যোগ নেন।
সরেজমিনে দেখা যায়, গ্রামের কৃষক, শ্রমিক, চাকরিজীবী, কলেজছাত্র—সবাই মিলে প্রতিরক্ষা বাঁধটি মেরামত করছেন। আর তাঁদের সহায়তা দিতে এগিয়ে এসেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক, আদমপুর ইউপির চেয়ারম্যান আবদাল হোসেন, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য হেলাল উদ্দীন। বাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, কেউ কেউ বস্তায় বালু ভরছেন। আবার কেউ এসব ভরা বস্তা নিয়ে বাঁধে স্থাপন করছেন।
সম্প্রতি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিন দফায় ধলাই নদের পানি বৃদ্ধি পেলেতিলকপুর গ্রাম এলাকায় ধলাই প্রতিরক্ষা বাঁধে ভাঙন তৈরি হয়। এ ভাঙন দিয়ে ঢলের পানি ঢুকে চারটি গ্রাম ২ থেকে ৩ ফুট পানিতে তলিয়ে যায়।
স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়া ইউপি সদস্য হেলাল উদ্দীনসহ গ্রামবাসী জানান, এই বাঁধ ভেঙে গত মে মাসের প্রথম সপ্তাহ থেকে তিনবার দক্ষিণ তিলকপুর গ্রামের ১৩০ বাড়ি, উত্তর তিলকপুর গ্রামের ৮৫ বাড়ি, ঘোড়ামারা গ্রামের ১৫০ বাড়ি, হুমেরজান গ্রামের ১০০ বাড়িসহ চার গ্রামের ফসলি জমি পানিতে তলিয়ে যায়। আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন আবারও এ ভাঙন দিয়ে ঢলের পানি ঢুকে চার গ্রামের আরও বেশি ক্ষতি করবে। এ চিন্তা থেকেই গ্রামবাসী মিলে স্বেচ্ছাশ্রমে প্রতিরক্ষা বাঁধটি মেরামত শুরু করেন।
স্বেচ্ছাশ্রমে যোগ দেওয়া পুলিশ সদস্য সাইফুর রহমান, সেনাবাহিনীর সদস্য জসিম উদ্দীন, ঢাকা সুপ্রিম কোর্টের অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আরিশ উদ্দীন, কলেজছাত্র আবুল হোসেন ও সাব্বির আহমদ বলেন, নিজেদের বাড়িঘর, ফসল রক্ষার তাগিদে তাঁরা বাঁধ রক্ষার কাজে যোগ দিয়েছেন। সবাই খুব আন্তরিকভাবে কাজ করছেন।
চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, দক্ষিণ তিলকপুর গ্রামের প্রতিরক্ষা বাঁধে ৬০০ ফুট ভেঙে গেছে। ওই ভাঙনকবলিত এলাকা সরকারিভাবে মেরামত করা সময়সাপেক্ষ ব্যাপার।
ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক বলেন, তিনিও গ্রামবাসীর পাশে আছেন।
পাউবো মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী ইন্দু বিজয় শঙ্কর চক্রবর্তী মুঠোফোনে বলেন, এটি একটি ভালো কাজ। এ জন্য গ্রামবাসীকে ধন্যবাদ জানাতে হয়।