চার গ্রামের পুরুষেরা রাতে বাড়ি থাকেন না
রংপুরের গঙ্গাচড়া উপজেলার একটি বিদ্যালয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষের ঘটনায় পুলিশ একটি মামলা করে। ওই মামলায় গ্রেপ্তারের আশঙ্কায় উপজেলার চারটি গ্রামের পুরুষেরা রাতে বাড়িতে থাকছেন না।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা এলাকার মনিরাম উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের দ্বন্দ্বের কারণে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন থেকে উত্তেজনা বিরাজ করছিল। ১২ অক্টোবর মন্থনা বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে উভয় পক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় সংঘর্ষে সাতজন পুলিশসহ ২০ জন আহত হয়। এ ঘটনায় দেওয়ানীপাড়া, চওড়াপাড়া, দীঘলপাড়া ও আদর্শপাড়া গ্রামের ৫২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করে গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক ১৩ অক্টোবর থানায় একটি মামলা করেন। মামলার পর থেকে এসব গ্রামের পুরুষেরা গ্রেপ্তারের ভয়ে রাতে বাড়িতে থাকছেন না।আদর্শপাড়ার কিষনি মোতাহারা বেগম বলেন, তাঁর ছেলে শাহরিয়ার ঘটনার দিন ভ্যান চালাতে গিয়েছিলেন। তাঁকেও মামলায় জড়ানো হয়েছে।বিদ্যালয় পরিচালনা পরিষদের কমিটি নিয়ে এ দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান শিক্ষক। তবে সংঘর্ষের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা নেই বলে তিনি দাবি করেন। গঙ্গাচড়া মডেল থানার ওসি পৃথ্বীশ কুমার সরকার বলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির সঙ্গে প্রধান শিক্ষকের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর জের ধরে মারামারির ঘটনা ঘটলে সেখানকার কয়েক শ লোক পুলিশের ওপর চড়াও হয়। এতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়। এ কারণে ওই মামলা করা হয়েছে। তবে নিরীহ কাউকে হয়রানি করা হবে না।