
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার চার গ্রাম—নারকেল বাগান, শান্তিপুর, পাবলাখালী ও কৃপানগর। প্রত্যন্ত এই চার গ্রামের দুঃখ ছিল নড়বড়ে বাঁশের সাঁকো। উপজেলা সদর ও পাশের বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম মাইনী নদীর ওপর নির্মিত এই সাঁকো। তাও বর্ষার সময় বন্ধ থাকত পারাপার। তখন তিন কিলোমিটার বাড়তি পথ ঘুরে উপজেলা সদরে আসা-যাওয়া করত স্থানীয় লোকজন। এসবই এখন অতীত। নারকেল বাগান এলাকায় মাইনী নদীর ওপর পাকা সেতু হওয়ার কষ্ট দূর হয়েছে চার গ্রামের মানুষের।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রায় চার কোটি টাকা ব্যয়ে ১৮০ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করেছে। সেতু এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও এলাকাবাসী জন্য খুলে দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সেতু নিয়ে স্থানীয় লোকজনের উচ্ছ্বাসের শেষ নেই। সেতুর ওপর দিয়ে চলাচল করছে ব্যাটারিচালিত ইজিবাইক। স্বাচ্ছন্দে চলাচল করছেন লোকজন।
কথা হয় কৃপাপুর এলাকার চিত্তি গুলা চাকমা, গঙ্গাধন চাকমা, নারিকেল বাগান এলাকার সুভাষ কুমার চাকমা ও ধনমনি চাকমার সঙ্গে। তাঁরা জানান, এই সেতু তাঁদের দীর্ঘদিনের কষ্ট লাগব করেছে। এখন থানা বাজার ও উপজেলা সদরে যাতায়াতে কোনো সমস্যা নেই।
থানা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নূর নবী বলেন, মাইনী নদীর ওপর সেতুটি নির্মিত হওয়ায় থানা বাজারের ব্যবসায়ীদের জন্য ভালো হয়েছে। আগে পাবলাখালী, নারিকেল বাগান, কৃপাপুরসহ পূর্ব পাড়ের মানুষজন নদী পার হয়ে বাজারে আসতে ভোগান্তিতে পড়তেন।
শান্তিপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত বরণ বড়ুয়া বলেন, মাইনী নদীর পশ্চিম পাড়ের থানাপাড়া, চাপ্পাপাড়া, কামাকুছড়া, পোমাংপাড়া ও বুদ্ধপাড়া থেকে শান্তিপুর উচ্চবিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থী মাইনী নদী পার হয়ে বিদ্যালয়ে আসে। বর্ষায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারত না। এখন ছেলেমেয়েরা অনেকে সাইকেল চািলয়ে বিদ্যালয়ে আসছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী প্রশান্ত হালদার বলেন, দীঘিনালার থানা বাজার সংলগ্ন মাইনী নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পের আওতায় পাঁচ অর্থবছরে পর্যায়ক্রমে ৩ কোটি ৯২ লাখ ৭৫ হাজার বরাদ্দ দেওয়া হয়। সেতুর নির্মাণ ও দুই পাশের সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ হয়েছে। এখনো উদ্বোধন করা হয়নি। উদ্বোধন না হলেও সেতুটি দিয়ে লোকজনের চলাচলে কোনো বাধা নেই।