চার ঘণ্টা অস্ত্রোপচার, শঙ্কামুক্ত নন কনস্টেবল ইকবাল

ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল মো. ইকবাল হোসেনের অস্ত্রোপচার হয়েছে। তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া-ফুলতলা এলাকায় গতকাল বুধবার শিবিরের কর্মীদের গুলিতে ইকবাল হোসেন (২৩) ডান হাত ও বুকে গুলিবিদ্ধ হন। তাঁকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক অস্ত্রোপচারের পর তাঁকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়।
বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. বশির আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, রাত দুইটা থেকে ভোর ছয়টা পর্যন্ত টানা চার ঘণ্টা ধরে ইকবালের অস্ত্রোপচার হয়েছে। তাঁর বুকের বাঁ দিক, পাকস্থলী ও ডায়াথ্রাম থেকে তিনটি গুলি বের করা হয়েছে। তাঁকে বক্ষব্যাধি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত নয়।