চার ঘণ্টা উন্মুক্ত 'হোলি আর্টিজান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কে হোলি আর্টিজান বেকারি ও রেস্তোরাঁয় জঙ্গি হামলার ২ বছর পূর্তিতে ওই বাড়িটি আজ চার ঘণ্টার জন্য উন্মুক্ত থাকবে। রোববার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা রাখা হবে।

হোলি আর্টিজান বেকারিটি এখন আর এই বাড়িতে নেই। ২০১৬ সালের ১ জুলাই জঙ্গি হামলায় ১৭ জন বিদেশি নাগরিকসহ ২২ জন নিরপরাধ মানুষ এখানে প্রাণ হারিয়েছিলেন।

বাড়িটির মালিক সাদাত মেহেদী প্রথম আলোকে বলেন, রোববার ১০ টা থেকে ২ টা পর্যন্ত আগামীকাল বাড়িটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ফুল দিয়ে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়াই এর উদ্দেশ্য।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণ করবেন।

গুলশানের যে বাড়িটিতে হোলি আর্টিজান ছিল সেটি এখন সাদাত মেহেদীরা বাসভবন হিসেবে ব্যবহার করছেন। তবু শোক প্রকাশের জন্য চার ঘণ্টা খুলে রাখার উদ্যোগ নিয়েছেন তাঁরা।