আকস্মিক ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল ভোর পাঁচটা থেকে চার ঘণ্টা ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ থাকে। কুয়াশায় তীরে ভিড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝনদীতে আটকা পড়ে তিনটি ফেরি। যানবাহন পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে যানজটের সৃষ্টি হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত তিনটার পর পদ্মা-যমুনা অববাহিকায় আকস্মিক কুয়াশা পড়তে শুরু করে। একপর্যায়ে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে গতকাল ভোর পাঁচটার দিকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় শাহ পরান, কুমারী ও খানজাহান আলী নামে তিনটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে আটকা মাঝনদীতে পড়ে। এ সময় নদী পার হওয়ার জন্য উভয় ঘাটে আসা যানবাহনগুলো আটকা পড়তে থাকে। গতকাল সকাল নয়টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান বলেন, ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এতে উভয় ঘাটে কিছুটা যানজটের সৃষ্টি হলেও পারাপার শুরু হওয়ার পর তা স্বাভাবিক হয়ে আসে।